বাণিজ্য মেলা যেনপ্লাস্টিকেরই মেলা

‘এবারের বাণিজ্য মেলা মন্দা যাচ্ছে।’ ‘ক্রেতারা আসছে না, বেচাবিক্রিও কম।’ ‘এবার মেলায় অংশ নেওয়াটাই ভুল হয়েছে।’
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার যেকোনো স্টল কিংবা প্যাভিলিয়নে ঢুকে সেখানে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের সঙ্গে কথা বললেই এমন সব মন্তব্য শোনা যাবে।
তবে পুরোপুরিই ব্যতিক্রম চিত্র প্লাস্টিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর স্টল ও প্যাভিলিয়নগুলোতে। ছুটির দিন কিংবা কর্মব্যস্ত—যে দিনই হোক না কেন, এসব স্টলে ক্রেতার ভিড় লেগেই থাকে। বেচাকেনাও ভালো। বাণিজ্য মেলায় ঢুকলে কিংবা মেলাপ্রাঙ্গণ কিছুক্ষণ ঘুরলেই চোখে পড়বে ক্রেতাদের প্রায় সবারই হাতে কিছু না কিছু প্লাস্টিক পণ্য আছে। আর এসব পণ্যের ক্রেতাদের প্রায় ৯৫ শতাংশই নারী।
প্রাণ-আরএফএলের দুটি, বেঙ্গল, হ্যামকো, তানিনের মতো বড় ব্র্যান্ড প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি কিছু ছোট প্রতিষ্ঠানও নানা ধরনের প্লাস্টিকের পণ্য নিয়ে এসেছে মেলায়। এসব পণ্যের বিক্রিও হচ্ছে বেশ।
সবচেয়ে বড় প্যাভিলিয়ন আরএফএলের। কর্মব্যস্ত রোববারও এই প্যাভিলিয়নে ক্রেতাদের ভিড় দেখা গেছে। বিক্রয়কর্মীরা জানালেন, তাঁরা দুই হাজারের বেশি ধরনের প্লাস্টিক পণ্যসামগ্রী মেলায় নিয়ে এসেছেন। এর মধ্যে মেলা উপলক্ষে নতুন আনা হয়েছে প্রায় ৩০০ ধরনের নতুন প্লাস্টিক পণ্য। যে কোনো প্লাস্টিক পণ্যের ক্ষেত্রেই আরএফএল ৮ শতাংশ মূল্যছাড় দিচ্ছে। শুধু তা-ই নয়, পাঁচ হাজার টাকার পণ্য কিনলে তা বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
মেলা উপলক্ষে আরএফএল নিয়ে এসেছে পানি বিশুদ্ধকরণ যন্ত্র ‘ড্রিংকইট’। এ ছাড়া ‘জম অ্যান্ড জলি’ ব্র্যান্ডে বাচ্চাদের জন্য বিভিন্ন খেলার সামগ্রীও এখানে পাওয়া যাচ্ছে।
আরএফএলের প্লাস্টিক ও মেলামিন সামগ্রীর আরেক ব্র্যান্ড ইতালিয়ানোর রয়েছে আলাদা প্যাভিলিয়ন। এ প্যাভিলিয়নে প্লেট, মগ, গ্লাস, বাটি, ট্রে, স্যুপ সেট, চামচ, বোল, জগ, হটপটসহ প্রায় ৯০০ ধরনের প্লাস্টিক ও মেলামিন পণ্য পাওয়া যাচ্ছে। আর মেলা উপলক্ষে ইতালিয়ানো নিয়ে এসেছে প্রায় ২০০ ধরনের নতুন পণ্য।
প্যাভিলিয়নের ব্যবস্থাপক আনোয়ার হোসেন বলেন, এক হাজার টাকার পণ্য কিনলে ৩০০ টাকা এবং দেড় হাজার টাকার পণ্য কিনলে ৩৫০ টাকা মূল্যের একটি ট্রে বিনা মূল্যে পাচ্ছেন ক্রেতারা। মেলার প্রথম দিকে ৩০০ টাকার পণ্য কিনলে ক্রেতাদের বিনা মূল্যে এক প্যাকেট নুডুলস দেওয়া হতো।
ইতালিয়ানোর প্যাভিলিয়নে ‘কুকস’ ব্র্যান্ডের প্রেশার কুকার ও গ্যাস ওভেনও পাওয়া যাচ্ছে। প্রতিষ্ঠানটি প্রেশার কুকার কিনলে ৫ শতাংশ ও গ্যাস ওভেন কিনলে দুই হাজার টাকা মূল্য ছাড় দিচ্ছে।
নানা ধরনের প্লাস্টিক পণ্য নিয়ে এসেছে বেঙ্গল প্লাস্টিকও। মেলায় তাদের যে পণ্যটি ক্রেতাদের বেশি নজর কেড়েছে, তা হলো প্যাকেজ পণ্য। মানে, একই ধরনের বাটি কিংবা জার এক দম ছোট থেকে বড় সাইজের পর্যন্ত।
বেঙ্গলের স্টলে পাঁচ শতাধিক ধরনের প্লাস্টিক পণ্য পাওয়া যাচ্ছে। এর মধ্যে মেলা উপলক্ষে নিয়ে আসা হয়েছে নতুন শতাধিক ধরনের পণ্য। এসব পণ্যে ৩ শতাংশ থেকে ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।
বেঙ্গলের স্টল ইনচার্জ সানজিদ ইব্রাহীম বলেন, মেলায় মূল্যছাড় দেওয়ার পাশপাশি ক্রেতাদের তাঁরা প্লাস্টিক পণ্য উপহার হিসেবেও দিচ্ছেন। ৪৯৯ টাকার পণ্য কিনলেই ক্রেতারা এ উপহার পাচ্ছেন।
ব্যাটারির জন্য বিখ্যাত হ্যামকো ইন্ডাস্ট্রিজের প্লাস্টিক পণ্যও এখন বেশ পাওয়া যায়। মেলায় প্রতিষ্ঠানটির একটি স্টল রয়েছে, যেখানে মিলছে নানা ধরনের প্লাস্টিক পণ্য। মেলায় প্লাস্টিকের তৈরি ওয়ার্ডরোব নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। দাম ৩ হাজার ৬০০ টাকা। এ ছাড়া নতুন ধরনের প্লাস্টিকের চেয়ার-টেবিলও এনেছেন তারা।