বাণিজ্য মেলায়ও অনলাইন কেনাকাটা!

শাকসবজি কিনতে কাঁচাবাজারে যেতেই হবে—এমন ধারণা বদলে যাচ্ছে। এখন বিভিন্ন ওয়েবসাইট; এমনকি ফেসবুকের মাধ্যমেও সহজে কেনা যাচ্ছে শাকসবজিসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য। তথ্যপ্রযুক্তির এই যুগে গুরুত্বপূর্ণ বিপণন কৌশল হয়ে উঠেছে ই-কমার্স।
আর এভাবে অনলাইনে পণ্য বিক্রি করা চারটি প্রতিষ্ঠান নিজেদের ওয়েবসাইটকে জনপ্রিয় করতে এবারের বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে। সব কটি প্রতিষ্ঠানই আছে একই প্যাভিলিয়নে।
এসব স্টলের কর্মীরা জানালেন, দর্শনার্থীদের কাছে নিজেদের পরিচিত করতেই মেলায় অংশ নিচ্ছেন তাঁরা। কিছু ক্রয়াদেশও পাচ্ছেন।
চাল, ডাল, তেল থেকে শুরু করে সাধারণ মুদি দোকানে পাওয়া যায়—এমন সব নিত্যপণ্যই অনলাইনে বিক্রি করছে ‘চালডাল ডট কম’। এই সাইটের ব্যবস্থাপক নূর মোহাম্মদ আসাদ বলেন, তাঁদের মাধ্যমে ৪০০ টাকার কম পণ্যের ক্রয়াদেশ দিলে বাড়তি ৪০ টাকা বিক্রয়োত্তর সেবা হিসেবে দিতে হয়। তবে ৪০০ টাকার বেশি পণ্যের জন্য বাড়তি টাকা দিতে হয় না।
মুদি দোকানে খুব সহজেই যে পণ্য কেনা যায়, মানুষ কেন তা অনলাইনে কিনবে? এমন প্রশ্নের জবাবে নূর মোহাম্মদ বলেন, ‘আমাদের কাছ থেকে কোনো পণ্য কিনলে সাত দিন পর্যন্ত তা ফেরত দিয়ে টাকা পাওয়ার সুযোগ আছে। কোনো ঝামেলা ছাড়াই আমাদের লোকেরা ঘরে পণ্য পৌঁছে দিয়ে আসেন।’ প্রচারণার পাশাপাশি মেলায় প্রতিদিন গড়ে ৫০টির মতো অর্ডার পাচ্ছেন বলে তিনি জানান। মেলায় লোকসমাগম আরও বাড়লে ক্রয়াদেশ আরও বেশি হওয়ার আশাবাদ ব্যক্ত করলেন তিনি।
‘ইসুফিয়ানা’ নামের আরেকটি ওয়েবসাইটের মাধ্যমে নারীদের বিভিন্ন পণ্যসামগ্রী, শাড়ি, গয়না, সুগন্ধি কিনতে পারবেন ক্রেতারা। পণ্য হাতে পাওয়ার পর ক্রেতারা নগদে কিংবা বিকাশ, ডাচ্-বাংলা ব্যাংকসহ অনুমোদিত ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন।
ইসুফিয়ানার ওয়েব ব্যবস্থাপক শুভ খান জানালেন, মেলা উপলক্ষে তাঁরা ক্রেতাদের মোট মূল্যের ওপর ১০ থেকে ৩০ শতাংশ ছাড় দিচ্ছেন।
তৃতীয়বারের মতো বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে অনলাইনভিত্তিক কৃষিপণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘আমার দেশ আমার গ্রাম ডট কম’। প্রতিষ্ঠানটি কৃষকের উৎপাদিত সবজি, মাছ ও মধু বিক্রি করে। নরসিংদী, মংলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে সবজি, মাছ সংগ্রহ করে থাকে প্রতিষ্ঠানটি।
আমার দেশ আমার গ্রাম ডট কমের ওয়েবসাইটে গিয়ে শাকসবজির ক্রয়াদেশ দিলেই নির্দিষ্ট দিনে বাসায় পৌঁছে দেওয়া হয়। ১০ ধরনের সবজির একটি আলাদা প্যাকেজ মেলা উপলক্ষে নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। এ জন্য ক্রেতাকে আমার দেশ আমার গ্রাম ই-শপ প্রতিষ্ঠানকে লেনদেন মূল্যের ১৫ শতাংশ সেবামাশুল দিতে হয়। ওয়েবসাইটেই পণ্যের দামদর দেওয়া থাকে। অনলাইনেই বিল পরিশোধ করতে হয়। আমার দেশ আমার গ্রাম প্রতিষ্ঠানটির রাজধানীতেই ১৬ হাজার নিয়মিত ক্রেতা রয়েছেন। প্রতি শুক্র ও শনিবার ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দেওয়া হয়।
দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের পণ্য অনলাইনে বিক্রি করে এমন আরেকটি প্রতিষ্ঠান ‘বাংলাদেশ ব্র্যান্ডস ডট কম’। মোট ৬৫টি ব্র্যান্ডের পণ্য অনলাইনে বিক্রি করে প্রতিষ্ঠানটি। দেশি ব্র্যান্ডের মধ্যে রয়েছে রং, সাদাকালো, ক্যাটস আই, ওটু প্রভৃতি। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক জানালেন, দেশের বিভিন্ন প্রান্তের মানুষ তাঁদের ওয়েবসাইট থেকে পণ্য কিনছেন। এমনকি প্রবাসী বাংলাদেশিরা দেশি ব্র্যান্ডের কাপড় এই ওয়েবসাইট থেকে অনলাইনে অর্ডার দিয়ে কিনে নিচ্ছেন। ফেডেক্স, ডিএইচএলের মাধ্যমে অর্ডার করা পণ্য প্রবাসী ক্রেতাদের কাছে পাঠিয়ে থাকে প্রতিষ্ঠানটি।
অনলাইনভিত্তিক সাইটগুলোর পাশাপাশি একই প্যাভিলিয়নে আছে তিনটি বাণিজ্যিক ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবার স্টল। ব্যাংক তিনটি হলো ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক ও যমুনা ব্যাংক। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠানো ছাড়াও মুঠোফোন রিচার্জ, বিল পরিশোধের মতো বিভিন্ন সেবার বিষয়ে দর্শনার্থীদের জানাতে মেলায় অংশ নিচ্ছে ব্যাংকগুলো—এমনটাই জানালেন ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা সৈয়দ আহাম্মদ হোসেন। বিদেশে পড়তে যেতে আগ্রহী শিক্ষার্থী ও বাংলাদেশ ভ্রমণে ইচ্ছুক পর্যটকদের পরামর্শদানকারী প্রতিষ্ঠান এসএসবিসিএল। অনলাইনভিত্তিক বিভিন্ন সেবা কার্যক্রম তুলে ধরতে একই প্যাভিলিয়নের মাধ্যমে মেলায় অংশ নিচ্ছে প্রতিষ্ঠানটি।