বাণিজ্য মেলার অব্যবস্থাপনায় ক্রেতা-বিক্রেতা অসন্তুষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (ডিআইটিএফ-২০১০) দর্শক-ক্রেতার ভিড় কমছে না। মেলায় অংশগ্রহণকারীদের অনুরোধে মাসব্যাপী বাণিজ্য মেলা গতকাল সোমবার থেকে আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। মেলার মেয়াদ বাড়ানোর প্রথম দিনে গতকাল বিপুলসংখ্যক দর্শক-ক্রেতা এসেছিল। যদিও অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম ছিল। তবে দর্শক ও অংশগ্রহণকারীরা অভিযোগ করেছে, মেলার ব্যবস্থাপনায় নানা ধরনের ত্রুটি থাকায় তাদের সমস্যা হচ্ছে। পর্যাপ্ত প্রবেশপথ না থাকায় লোকের একটু ঢল নামলে মেলায় প্রবেশ করাই দুষ্কর হয়ে দাঁড়ায়।কেউ কেউ আরও অভিযোগ করেছে, নামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা বলা হলেও আসলে তা বারোয়ারি মেলায় পরিণত হয়েছে। মেলায় রপ্তানির চেয়ে স্থানীয়ভাবে বেচাবিক্রিই সবার উদ্দেশ্য। বিদেশি ক্রেতা একেবারেরই চোখে পড়েনি। একইভাবে অভিযোগ রয়েছে খাবারের দোকানগুলো নিয়ে। তারা অনেক বেশি দাম নিচ্ছে। মেলার আয়োজকেরা জানান, ছুটির দিনে মেলায় বিপুলসংখ্যক ক্রেতা-দর্শকের সমাগম ঘটে। অন্য দিনগুলোয় গড়ে ৮০ থেকে ৯০ হাজার ক্রেতা-দর্শক মেলায় আসে। তবে ছুটির দিনে এ সংখ্যা লক্ষাধিক হয়। গত শুক্রবার মেলায় প্রায় দুই লাখ দর্শক-ক্রেতা এসেছিল। শনিবারও মেলায় দর্শক-ক্রেতার ভিড় ছিল। গতকাল সকালের দিকে লোকজন কম এলেও বিকেলের দিকে মানুষের ভিড় বাড়তে থাকে। মেলায় সব বয়সের দর্শক-ক্রেতা এলেও নারী ও তরুণ-তরুণীর ভিড় ছিল লক্ষণীয়।বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নে দায়িত্ব পালনরত কর্মকর্তারা বলেন, এবার মেলার উদ্বোধনী দিন ছাড়া প্রতিদিনই বিপুলসংখ্যক দর্শক-ক্রেতা আসছে। বেচাবিক্রিও শুরু থেকেই ভালো হচ্ছে। ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে আরও জানা যায়, মেলায় ইলেকট্রনিকস ও গৃহস্থালি ব্যবহার্য পণ্য সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। পাশাপাশি পোশাক, বিশেষ করে নারীদের পোশাক এবং বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রীর বিক্রিও ভালো। এবারের মেলায় যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, চীন, তুরস্ক, ভারত, মালয়েশিয়া, পাকিস্তান, ইরান, দক্ষিণ কোরিয়া, হংকং ও স্বাগতিক বাংলাদেশসহ ১২টি দেশ অংশ নিচ্ছে। মেলায় রয়েছে দেশি-বিদেশি ৪৮৬টি প্রতিষ্ঠান। এর মধ্যে চারটি বিশেষ প্যাভিলিয়ন, পাঁচটি প্রিমিয়ার প্যাভিলিয়ন, চারটি মিনি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৩৫টি প্রিমিয়ার স্টল, পাঁচটি সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন, ৬১টি প্যাভিলিয়ন, ৪০টি মিনি প্যাভিলিয়ন, ৩০৩টি স্টল, ১২টি রেস্টুরেন্ট ও চারটি মা ও শিশু পরিচর্চা কেন্দ্র। মেলায় বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, রসায়ন ও রাসায়নিক পণ্য, প্রসাধনসামগ্রী, দুগ্ধজাত পণ্য, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস পণ্য, খাদ্যসামগ্রী, হস্তশিল্প, গৃহস্থালি পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, খেলনাসামগ্রী, স্যানিটারি পণ্য, বস্ত্র ও তৈরি পোশাক, স্টেশনারি দ্রব্যাদি, ঘড়ি ও জুয়েলারি পণ্য প্রদর্শন করা হচ্ছে। বাণিজ্য মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকছে। এ মেলার প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ১৫ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ১০ টাকা। আগামী রোববার মেলাটি শেষ হবে।এদিকে গত শুক্রবার বাণিজ্য মেলার সামনে পার্কিং করা অবস্থায় থাকা দেড় শতাধিক গাড়ি ভাঙচুরের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলেছে মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এ প্রসঙ্গে মেলা আয়োজক কমিটির সচিব এম আবদুর রহমান প্রথম আলোকে বলেন, গত শুক্রবার ছাত্রদের হামলায় পার্কিং করা গাড়ি ভাঙার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তবে ঘটনাটি মেলার বাইরে ঘটায় দর্শক-ক্রেতা আগমনের ওপর কোনো প্রভাব পড়েনি বলে তিনি উল্লেখ করেন।