বাণিজ্য মেলার প্রস্তুতি শেষ হয়নি, উদ্বোধন শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাণিজ্য মেলার প্রস্তুতি শেষ হয়নি, উদ্বোধন শনিবার
বাণিজ্য মেলার প্রস্তুতি শেষ হয়নি, উদ্বোধন শনিবার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ১৯তম আসরের পর্দা উঠছে আসছে শনিবার বেলা ১১টায়। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর মাত্র তিন দিন বাকি। তবে এখন পর্যন্ত মেলা প্রাঙ্গণের সব প্রস্তুতি শেষ করতে পারেনি দুই আয়োজক বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
রাজধানীর শেরেবাংলা নগরে মেলা প্রাঙ্গণে গত মঙ্গলবার সকালে গিয়ে দেখা যায়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনের বিশাল ফটক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের আদলে মেলার মূল ফটকের কাজ এখনো শেষ হয়নি। মেলার ভেতরের বিশাল এলাকাজুড়ে ইট বিছানো সড়কের কাজ ৫০ শতাংশও হয়নি।
ফোয়ারা কিংবা বঙ্গবন্ধু প্যাভিলিয়নের নির্মাণকাজ শেষ হয়নি। এ ছাড়া অনেক প্যাভিলিয়নেরই সাজসজ্জার কাজ বাকি। আর ৩২৯টি সাধারণ স্টলের মধ্যে অল্প কিছু সাজানোর কাজ কেবল ধরেছেন ব্যবসায়ীরা। অবশ্য সংখ্যায় কম হলেও কয়েকটি প্রতিষ্ঠান নিজেদের প্যাভিলিয়নের কাজ শেষ করে ফেলেছে। তবে এখন পর্যন্ত কেউই পণ্যসামগ্রী আনেনি।
প্রতিবছর ১ জানুয়ারি মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হয়। তবে গত ২৪ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয় অবরোধ ও নির্বাচন সামনে রেখে মেলার উদ্বোধন ১০ দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার পরও সব কাজ শেষ হয়নি। অবশ্য ২২ ডিসেম্বর ইপিবির এক অগ্রগতি প্রতিবেদনে বলা হয়েছিল, ২৬ ডিসেম্বরেই শেষ হবে। তবে কাজের ধীরগতির কারণে উদ্বোধনের আগে সব প্রস্তুতি শেষ করা যাবে না বলেই মনে করছেন মেলাসংশ্লিষ্ট একাধিক ব্যক্তি।
যোগাযোগ করা হলে মেলার সদস্যসচিব বিকর্ণ কুমার ঘোষ প্রথম আলোকে বলেন, ‘কোনোবারই উদ্বোধনের আগে শতভাগ কাজ শেষ করা যায় না। আর এবার তো হরতাল-অবরোধের কারণে এমনিতেই ব্যতিক্রম। অবশ্য উদ্বোধনের জন্য যতটুকু দরকার তা শুক্রবারের মধ্যে হয়ে যাবে।’
ইপিবির এই উপসচিব আরও বলেন, মেলা প্রাঙ্গণের ইট বিছানোর সড়কের কাজ সব সময়ই শেষ মুহূর্তে করা হয়। কারণ, প্যাভিলিয়ন ও স্টল নির্মাণের জন্য ট্রাক চলাচল করে। এ জন্য আগে সড়ক নির্মাণ করলে তা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। আর মূল ফটকের টাইলস লাগানোসহ ওপরের কিছু কাজ বাকি। কাজগুলো সময়মতো শেষ হয়ে যাবে।
এবারের বাণিজ্য মেলায় সব মিলে ৪৮৪টি স্টল আছে। এর মধ্যে ৯২টি সাধারণ, প্রিমিয়ার ও বিদেশি প্যাভিলিয়ন, ৪৯টি মিনি প্যাভিলিয়ন, স্টল ৩২৯টি এবং রেস্তোরাঁ ১০টি। এবারও বঙ্গবন্ধু স্মৃতি প্যাভিলিয়নের পাশাপাশি সুন্দরবন ইকোপার্কসহ সরকারি কয়েকটি প্রতিষ্ঠানের স্টল থাকবে। মেলায় প্রবেশের ফটকটি হবে কার্জন হলের আদলে।
মেলার নিরাপত্তার জন্য এবার পুলিশ, আনসার ও র‌্যাবের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিজিবি ও বেসরকারি নিরাপত্তা প্রদানকারী প্রতিষ্ঠানের সদস্যরা থাকবেন। এ ছাড়া আটটি ওয়াচ টাওয়ারে পুলিশ থাকবে। আর এবার প্রবেশমূল্য ১০ টাকা বাড়িয়ে প্রাপ্তবয়স্কদের জন্য ৩০ ও শিশুদের জন্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে গত মাসের শেষ সপ্তাহে বাণিজ্য মেলায় পাকিস্তানি স্টল বরাদ্দ বাতিলের দাবি জানিয়ে ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসুর কাছে স্মারকলিপি দেন গণজাগরণ মঞ্চের নেতারা। তবে মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, পাকিস্তানি স্টলের নির্মাণকাজ চলছে। পাকিস্তানের বিভিন্ন প্রতিষ্ঠানকে এবার মোট সাতটি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিকর্ণ কুমার ঘোষ বলেন, ‘আমরা স্মারকলিপিটি মন্ত্রণালয়ে পাঠিয়েছি। কিন্তু সেখান থেকে কোনো সিদ্ধান্ত আসেনি।’