বাণিজ্য মেলার সময় বাড়ল ১০ দিন
বাণিজ্য মেলার সময় আরও ১০ দিন বাড়ানো হয়েছে। মেলা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ রোববার সকালে রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালনা পর্ষদের বৈঠকে এই সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন পর্ষদের সভাপতি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৈঠক সূত্রে জানা যায়, ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সময় বাড়ানো হয়। তবে মেলায় স্টল বরাদ্দের জন্য দোকানমালিকদের যে খরচ দিতে হয় তার অর্ধেক সরকার নেবে। পুরোটা সরকারকে দিতে হবে না।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। বৈঠকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান শুভাশিস বসুসহ পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। ১ জানুয়ারি থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাণিজ্য মেলা শুরু হয়। টানা অবরোধ ও হরতালের কারণে বাণিজ্য মেলায় এবার বিক্রেতারা আশানুরূপ লাভ পাননি। বাণিজ্য মেলায় ক্রেতার সংখ্যা ছিল কম।