রাজধানীতে মেলা: অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মিশ্র প্রতিক্রিয়া
বাণিজ্য মেলার সময় বাড়ল ১০ দিন

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় ১০ দিন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মেলা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিচালনা পর্ষদের বৈঠকে গতকাল রোববার সময় বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইপিবির ওই পরিচালনা পর্ষদের সভায় সভাপতিত্ব করেন পর্ষদের সভাপতি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৈঠকে ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসুসহ পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ইপিবি বলছে, চলমান টানা হরতাল-অবরোধে এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা তেমন জমেনি। আতঙ্ক থাকায় ক্রেতা-দর্শনার্থীর সংখ্যাও কম। হরতাল-অবরোধে সার্বিকভাবে ভালো ব্যবসা হয়নি জানিয়ে মেলায় অংশ নেওয়া ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর গঠিত সংগঠনের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবিতে সময় বাড়ানোর আবেদন করা হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত হয়েছে।
তবে মেলার সময় বাড়লেও স্টল ও প্যাভিলিয়ন পাওয়া প্রতিষ্ঠানগুলোকে ১০ দিনের ভাড়া দিতে হবে না। তাদের দিতে হবে পাঁচ দিনের ভাড়া। যদিও আবেদনের সময় এই ১০ দিনের জন্য বাড়তি কোনো ভাড়া না নেওয়ার অনুরোধ করেছিলেন ব্যবসায়ীরা।
জানতে চাইলে মেলার সদস্যসচিব মোহাম্মদ রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ব্যবসায়ীরা যে টাকায় স্টল বরাদ্দ নিয়েছিলেন, সে হিসাবেই তাঁদের পাঁচ দিনের ভাড়া পরিশোধ করতে হবে। অর্থাৎ মোট ভাড়াকে ৩১ দিয়ে ভাগ করে এক দিনে যা আসে তার পাঁচ দিনের সমান টাকা দিতে হবে। বাকি পাঁচ দিনের টাকা সরকার নেবে না।
এদিকে মেলার সময় বাড়ানোর এ সিদ্ধান্তে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন, এত দিন ক্রেতা ছিল না, সময় বাড়ানোয় তাঁদের বিক্রি কিছুটা বাড়বে। আবার কেউ বলছেন, রাজনৈতিক অস্থিরতায় এখন যেমন ক্রেতা নেই, সময় বাড়লেও থাকবে না। তাই যত দিনই মেলার সময় বাড়বে, তাঁদের লোকসানের পরিমাণও তত বাড়বে।
সময় বাড়ানোর বিষয়ে গতকাল দুপুরে জানতে চাইলে বাণিজ্য মেলায় বোম্বে সুইটসের স্টলের প্রশাসক (অ্যাডমিনিস্ট্রেটর) আতাউর রহমান বলেন, ‘রাজনৈতিক অস্থিরতায় মেলা এবার মন্দা যাচ্ছে। সে কারণে সময় বাড়লে তা ভালো হবে। সেদিক থেকে আমরা খুশি।’
উল্টো কথা জানালেন বেঙ্গল প্লাস্টিকের স্টলের ইনচার্জ সানজিদ ইব্রাহীম। তিনি বলেন, ‘মেলার সময় বাড়লে ইপিবি আমাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেবে। কর্মীদের বেতনও বেশি দিতে হবে। কিন্তু সে অনুযায়ী ক্রেতা আসবে কি না, তা নিয়ে সন্দিহান। সব মিলিয়ে সময় বাড়লে আমাদের খুব একটা লাভ হবে না। সময় যত বাড়বে, তত লোকসান হবে।’
রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের জায়গায় ১ জানুয়ারি থেকে বাণিজ্য মেলা শুরু হয়। টানা অবরোধ ও হরতালের কারণে প্রথম দিন থেকেই মেলায় ক্রেতাদের আনাগোনা কম ছিল। ফলে পণ্যের বিক্রিও হয় কম।
অবশ্য গত শুক্র ও শনিবার ছুটির দিন থাকায় মেলায় ক্রেতার সংখ্যা ছিল ভালো। এই দুই দিন বেচাকেনাও ছিল ভালো। আর গতকাল মেলা প্রাঙ্গণ ঘুরে আগের চিত্রই দেখা যায়, ক্রেতার আনাগোনাও কমে গেছে।
জেনিসের স্টলের ইনচার্জ এনামুল হক বলেন, ‘দুই দিন লোক একটু বেশি এসেছিল। বিক্রিও হয় ভালো। কিন্তু শনিবার সন্ধ্যা সাতটার পর লোকজন একদমই কমে যায়।’ সময় বাড়ানোর প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘দেশের পরিস্থিতি যদি ভালো না হয়, তাহলে আমাদের কোনো লাভ হবে না। তার পরও যেহেতু সময় বাড়বে, কিছুটা ক্ষতি হয়তো পুষিয়ে নেওয়া যাবে।’
কয়েক বছর ধরেই ব্যবসায়ীরা বাণিজ্য মেলার সময় বাড়ানোর দাবি করলেও সরকার তা আমলে নেয়নি। গত বছরও নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক অস্থিরতার মধ্যে বাণিজ্য মেলা শুরু হয়। তবে সে সময় মেলা শুরু হয় ১১ জানুয়ারি। সে কারণে মেলা চলে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।