বাণিজ্য মেলায় নারী উদ্যোক্তারা অর্ধেক দামে দোকান পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নারী উদ্যোক্তাদের দোকান বরাদ্দে ৫০ শতাংশ ছাড় দেওয়ার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ বুধবার ‘বিডব্লিউসিসিআই গ্রামীণফোন প্রগ্রেসিভ অ্যাওয়ার্ড ২০১৪’ শীর্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আশ্বাস দেন। 


বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) উদ্যোগে গ্রামীণফোনের সহযোগিতায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের কেআইবি কমপ্লেক্সে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিডব্লিউসিসিআইর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণফোন লিমিটেডের চিফ করপোরেট অফিসার মাহমুদ হোসেইন। এতে সভাপতিত্ব করেন বিডব্লিউসিসিআইর প্রেসিডেন্ট সেলিমা আহমাদ।

বিডব্লিউসিসিআইয়ের সদস্য সফল নারী উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তা উন্নয়নে ভূমিকা পালনকারী গণমাধ্যমকর্মীদের অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয়।

এবার সম্মাননা পেয়েছেন বরিশাল বিভাগের নারী উদ্যোক্তা মাকসুদা খাতুন, চট্টগ্রাম বিভাগের নূরুন নাহার, ঢাকা বিভাগের শাহিদা পারভীন, খুলনা বিভাগের কানিজ সুলতানা, রংপুর বিভাগের আসমা-উল-হুসনা, রাজশাহী বিভাগের হোসনা বেগম এবং সিলেট বিভাগের রেশমা শারমীন। যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার সীমা ভৌমিক এবং দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার কামরুন নাহার সম্মাননা পেয়েছেন। সম্মাননাপ্রাপ্তদের প্রত্যেককে একটি ক্রেস্ট, সনদ এবং ২৫ হাজার টাকার চেক দেওয়া হয়।

অনুষ্ঠানে সেলিমা আহমাদ তাঁর বক্তব্যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নারী উদ্যোক্তাদের স্টল বরাদ্দে ৫০ শতাংশ ছাড় দেওয়াসহ বিভিন্ন বিষয়ে দাবি জানান।