বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড়, ক্রেতা কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা জমে উঠেছে। ছুটির দিনে গতকাল শুক্রবার প্রায় দিনভর মেলা প্রাঙ্গণে ছিল ক্রেতা-দর্শনার্থীর উপচে পড়া ভিড়। তবে বিক্রেতারা জানিয়েছেন, এই ভিড় শুধুই পণ্য দেখার জন্য। মেলায় আগত মানুষের বেশির ভাগই পণ্য কিনছেন না।
বাণিজ্য মেলায় গতকাল দুপুর থেকে প্রবেশ করতে আগ্রহীদের সবাইকেই বেশ খানিকটা পথ হেঁটে যেতে হয়েছে। মেলা ঘুরে দেখা এবং পছন্দের পণ্য কিনে ঘরে ফেরার আশায় এই কষ্টটুকু সহ্য করেছেন ক্রেতা-দর্শনার্থীরা। অনেকেই গিয়েছেন পরিবার-পরিজন নিয়ে।
এবারের মেলায় রয়েছে ৯৬টি প্যাভিলিয়ন, ৪৯টি মিনি প্যাভিলিয়ন, ৩১৬টি স্টল ও ১০টি রেস্তোরাঁ। মেলায় এশিয়া, উত্তর আমেরিকা ও ইউরোপ মহাদেশের ১২টি দেশ অংশ নিচ্ছে। দেশগুলো হচ্ছে: বাংলাদেশ, ভারত, চীন, মালয়েশিয়া, হংকং, ইরান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, তুরস্ক ও সিঙ্গাপুর। মেলায় ২৮টি বিদেশি স্টল ও প্যাভিলিয়ন আছে। আর এসব প্যাভিলিয়ন আর স্টলের টানেই মেলায় এত লোকসমাগম।
তবে এত লোকের ভিড়ে বেচাবিক্রির চিত্রটি বেশ বিবর্ণ। দেশে এখন ইলেকট্রনিক পণ্যের চাহিদা ও বাজার দুটোই বেশ। তবে মেলায় ইলেকট্রো মার্টের স্টলটি ঘুরে দেখা গেল, সবাই এটা-সেটা নেড়েচেড়ে দেখছেন, পণ্য কিনছেন না।
ওই স্টলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) শাহাবুদ্দীন প্রথম আলোকে বলেন, মেলায় লোকজন যে হারে আসছে, বিক্রি সে হারে হচ্ছে না। একই ধরনের কথা বলেন আরও কয়েকটি প্রতিষ্ঠানের স্টলের দায়িত্বে থাকা কর্মকর্তারাও।
তবে ভিন্ন চিত্রও দেখা গেছে। বরাবরের মতো প্লাস্টিক পণ্য, অ্যালুমিনিয়ামের গৃহস্থালি (ক্রোকারিজ), ইমিটেশনের গয়না, কসমেটিকসের স্টলগুলোতে ক্রেতাদের ভিড় যেমন ছিল, তেমনি বিক্রিও খারাপ ছিল না। তরুণী ও নারীরাই মূলত এসব স্টলের ক্রেতা।
আবার কাঠ ও প্লাইউডের আসবাবের স্টলগুলোও ছিল ক্রেতা-দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে। মূল্যছাড়সহ বিভিন্ন সুবিধা দেওয়ায় ক্রেতারা আকৃষ্ট হচ্ছেন।
বিদেশি প্যাভিলিয়নগুলোর প্রতি দর্শনার্থীদের আগ্রহটা বরাবরই একটু বেশি থাকে। এবারও তাই। তবে ছোট আকারের থাইল্যান্ড-তুরস্ক কিংবা মালয়েশিয়ার প্যাভিলিয়নগুলোতে চোখে পড়ার মতো ভিড় দেখা গেছে। সে অনুযায়ী, ভারতের প্যাভিলিয়নে দর্শনার্থীর সংখ্যা ছিল কম।
তবে মেলায় হকারদের আনাগোনা বেশি থাকায় বিব্রত হয়েছেন অনেক দর্শনার্থী।