বাণিজ্য মেলায় নারী উদ্যোক্তাদের জন্য স্টল বরাদ্দে ৫০% ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছর অনুষ্ঠেয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নারী উদ্যোক্তাদের জন্য স্টল বরাদ্দে ৫০ শতাংশ ছাড় দেওয়ার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
‘বিডব্লিউসিসিআই-গ্রামীণফোন প্রগ্রেসিভ অ্যাওয়ার্ড ২০১৪’ শীর্ষক পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) সভাপতি সেলিমা আহমাদের দাবির পরিপ্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী এ আশ্বাস দেন।
গ্রামীণফোনের সহযোগিতায় রাজধানীর খামারবাড়ি এলাকার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল বুধবার এ অনুষ্ঠানের আয়োজন করে বিডব্লিউসিসিআই।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়নে নারী উদ্যোক্তাদের অনেক অগ্রগতি হয়েছে। তাঁরা যেন আরও এগিয়ে যেতে পারেন, সে জন্য তাঁদের সব ধরনের সহযোগিতা করা হবে।
বিশেষ অতিথি এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, তথ্যপ্রযুক্তি খাতে নারী উদ্যোক্তাদের ভালো করার অনেক সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে ব্যবসা-বাণিজ্যে অবদান রাখার জন্য দেশের সাত বিভাগের সাতজন নারী উদ্যোক্তাকে পুরস্কার দিয়েছে বিডব্লিউসিসিআই। যাঁরা পুরস্কার পেলেন—মাকসুদা খাতুন (বরিশাল), নুরুন নাহার (চট্টগ্রাম), শাহিদা পারভীন (ঢাকা), কানিজ সুলতানা (খুলনা), আসমা-উল-হুসনা (রংপুর), হোসনা বেগম (রাজশাহী) ও রেশমা শারমীন (সিলেট)।
এর বাইরে নারী উদ্যোক্তাদের উন্নয়নে বিশেষ প্রতিবেদনের জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার দুই সাংবাদিককে পুরস্কার দেওয়া হয়। তাঁরা হলেন দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর কামরুন নাহার ও যমুনা টেলিভিশনের সীমা ভৌমিক।
ওই অনুষ্ঠানে বাংলাদেশ উইমেন চেম্বারের নতুন ওয়েবসাইটের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গ্রামীণফোনের প্রধান করপোরেটবিষয়ক কর্মকর্তা মাহমুদ হোসাইন।