বাণিজ্য মেলায় পাকিস্তানি স্টল বাতিলের দাবি
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পাকিস্তানি স্টল বরাদ্দ বাতিলের দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ। এ জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসুর কাছে স্মারকলিপি দিয়েছে গণজাগরণ মঞ্চ।
জানা যায়, গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা ১১ জানুয়ারি শুরু হওয়া মাসব্যাপী বাণিজ্য মেলায় পাকিস্তানি স্টল বরাদ্দ বাতিলের দাবিতে গতকাল মঙ্গলবার ঢাকার কারওয়ান বাজারে ইপিবির কার্যালয়ে যান। পরে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার স্মারকলিপি ইপিবির ভাইস চেয়ারম্যানের হাতে দেন।
জানতে চাইলে বিষয়টি নিশ্চিত করেন ইপিবির চেয়ারম্যান শুভাশীষ বসু। তিনি প্রথম আলোকে বলেন, ‘গণজাগরণ মঞ্চের স্মারকলিপি পেয়েছি। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আমাদের (ইপিবির) নেই। বিষয়টি আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করব।’ তিনি আর জানান, এবারের মেলায় পাকিস্তানের বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট সাতটি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
হরতাল-অবরোধের কারণে মেলাটি ১০ দিন পিছিয়ে ১ জানুয়ারির পরিবর্তে ১১ জানুয়ারি শুরু হবে মাসব্যাপী এই মেলা।
ইপিবি এবং বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে রাজধানীর শেরেবাংলা নগরে মাসব্যাপী মেলাটির আয়োজন করেছে। এ মেলায় সব মিলিয়ে ৪৮৪টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।