বাণিজ্য মেলায় বিদায়ের সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেলায় সালাদ ও সবজি কাটার যন্ত্রপাতির ব্যবহার দেখাচ্ছেন বিক্রেতা ।  প্রথম আলো
মেলায় সালাদ ও সবজি কাটার যন্ত্রপাতির ব্যবহার দেখাচ্ছেন বিক্রেতা । প্রথম আলো

রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নামছে আজ সোমবার। ফলে মেলা কতটুকু সফল হয়েছে, এখন সেই হিসাব-নিকাশই করছেন আয়োজক সংস্থা ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
মেলার সদস্যসচিব ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিচালক বিকর্ণ কুমার ঘোষ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, মেলা শুরুর আগে রাজনৈতিক পরিস্থিতির কারণে সবাই কিছুটা শঙ্কার মধ্যে ছিলেন। তবে সব আশঙ্কা দূরে ঠেলে বাণিজ্য মেলা সফল হয়েছে। ব্যবসায়ীদের বেচাকেনাও ভালো হয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে ইপিবির এই কর্মকর্তা বলেন, প্রতিদিন গড়ে লাখ খানেক লোকের সমাগম হয়েছে মেলা প্রাঙ্গণে। ছুটির দিনগুলোতে এই সংখ্যা ছিল আরও বেশি। সব মিলিয়ে ৩৫ লাখ মানুষ মেলায় এসেছেন।
অবশ্য মেলায় বেচাকেনা নিয়ে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ভিন্নমত রয়েছে। এক পক্ষ বলছে, প্রত্যাশার চেয়ে বেশি সাড়া মিলেছে। আরেক পক্ষের দাবি গতবারের চেয়ে এবার বেচাকেনা কম হয়েছে। অন্যদিকে মেলার পরিবেশ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেক ব্যবসায়ী।
জানতে চাইলে অনুপম টাইয়ের ব্যবস্থাপক মাসদু আলম এই প্রতিবেদককে বলেন, বেচাকেনা আগের বারের চেয়ে কম হয়েছে। এ জন্য তিনি মেলার পরিবেশকে দায়ী করে বলেন, বাণিজ্য মেলা হয়ে গেছে অনেকটা হাট-বাজারের মতো। হকাররা যততত্র বসে পড়েছে। এ জন্য অনেকেই বিরক্ত হয়ে মেলায় আসেন না।’
বিক্রি নিয়ে সন্তোষ প্রকাশ করে নাভানা ফার্নিচারের সহকারী ব্যবস্থাপক (বিক্রয়) মো. মানিক দেওয়ান বলেন, ‘আমাদের প্রত্যাশা অনুযায়ী বিক্রিও হয়েছে।’
বিক্রেতারা জানান, শেষের আগের দিন হওয়ার পরও গতকাল রোববার সকালের দিকে মেলায় ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা ছিল খুবই কম। মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কারণে এমনটি হতে পারে বলে ধারণা করেন ব্যবসায়ীরা। তবে বিকেল থেকে মেলায় লোক সমাগম বৃদ্ধি পায়।
১৯তম বাণিজ্য মেলা গত ১১ জানুয়ারি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুারোর (ইপিবি) যৌথভাবে এটির আয়োজন করে।এতে ৯৬টি প্যাভিলিয়ন, ৪৯টি মিনি-প্যাভিলিয়ন, ৩১৬টি স্টল, ১০টি রেস্তোরাঁ এবং তিনটি মা ও শিশু পরিচর্যা কেন্দ্র আছে। মেলায় আগতদের বিনা মূল্যে স্বাস্থ্য সেবা দেয় আয়শা মেমোরিয়াল হাসপাতাল।