বাণিজ্য মেলায় বিদেশি প্যাভিলিয়নে দেশি পণ্য
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিদেশি প্যাভিলিয়নে বিক্রি হচ্ছে দেশি পণ্য। আবার এক দেশের প্যাভিলিয়নে রয়েছে আরেক দেশের পণ্য।
ক্রেতাদের অভিযোগ তাঁদের সুপরিকল্পিতভাবে ঠকানো হচ্ছে। তাঁরা যাচ্ছেন বিদেশি স্টলে, কিনছেন দেশি পণ্য। আর ব্যবসায়ীরা বলছেন কাঙ্ক্ষিত জায়গা না পাওয়ায় তাঁরা অন্যদের প্যাভিলিয়নে দোকান নিয়েছেন।
আজ শনিবার দুপুরে বাণিজ্য মেলায় মালয়েশিয়ান প্যাভিলিয়নের (এফপি-৯) ভেতরে একটি জুতার দোকানে এক দোকানি ‘মাত্র ১৫০ টাকা জোড়া, ১৫০ টাকা জোড়া’ বলে ক্রেতাদের আকৃষ্ট করছিলেন। ওই দোকানির কাছে জানতে চাইলে বলেন, জুতাগুলো বাংলাদেশি। এই প্যাভিলিয়নের দোকান ভাড়া নিয়ে তাঁরা দেশি জুতা বিক্রি করছেন। একই প্যাভিলিয়নের আরেকটি দোকানে ইরানি মেলামাইন বিক্রি হতে দেখা যায়। তবে একপাশে মালয়েশিয়ান কার্পেট সামগ্রী আছে।
অন্যদিকে ৫১ নম্বর প্রিমিয়াম প্যাভিলিয়নের বাইরে ইরানি পণ্য সমাহার লেখা থাকলেও এর অভ্যন্তরে একটি বড় অংশ জুড়ে বিক্রি হচ্ছে বাংলাদেশি পণ্য। বিক্রি হচ্ছে কিয়ামের তৈরি তৈজসপত্র । এই দোকানেরই এক দোকানি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মেলায় দেশি-বিদেশি ভেদাভেদ নেই। ক্রেতারা আসছেন। আমরা তাঁদের চাহিদা অনুযায়ী মাল বিক্রি করছি।’ তবে ক্রেতাদের সান্ত্বনা দিতে একই প্যাভিলিয়নে ইরানি মেলামাইন সামগ্রী ও ইরানি বোরকা বিক্রি হচ্ছে।
বাণিজ্য মেলায় ইরানি প্যাভিলিয়নের পাশাপাশি বেশ কয়েকটি ইরানি মেলামাইন সামগ্রীর স্টল রয়েছে। মেলামাইন সামগ্রীর মধ্যে দেশি-বিদেশি বোঝার কোনো উপায় নেই। ইরানি প্যাভিলিয়নের এক দোকানি বলেন, মেলায় অনেকগুলো দোকান রয়েছে। প্যাভিলিয়নগুলোয় ইরান থেকে আনা পণ্য বিক্রি হলেও বাইরের স্টলগুলোতে দেশি পণ্য ইরানি বলে বিক্রি হচ্ছে বলে তাঁর অভিযোগ। এসব পণ্যের মধ্যেও মানের পার্থক্য রয়েছে বলে তাঁর দাবি।
এ বিষয়ে জানতে চাইলে ইরানি মেলামাইন সামগ্রী বিক্রি করা এক দোকানি বলেন, ইরান থেকে এসব মেলামাইন সামগ্রী আনা হয়েছে। বাংলাদেশে তাঁদের কোনো শোরুম বা দোকান আছে কি না জানতে চাইলে তিনি জানান, তাঁদের কোনো শোরুম নেই। কেবল মেলা উপলক্ষে এগুলো আনা হয়।
মেলায় ভারত-পাকিস্তানে সখ্য: এবারের বাণিজ্য মেলায় পাকিস্তানি পণ্যের আলাদা প্যাভিলিয়ন নেই। কিন্তু বিক্রি হচ্ছে পাকিস্তানি শাড়ি, সালোয়ার-কামিজ, শাল ও বিছানার চাদরসহ বিভিন্ন পণ্য। এমনকি ভারতীয় প্যাভিলিয়নে বসেছে পাকিস্তানি শাড়ি ও সালোয়ার-কামিজের দোকান। এই দোকানের এক দোকানি বলেন, এবার মেলায় পাকিস্তানি পণ্যের আলাদা প্যাভিলিয়ন না থাকায় এই প্যাভিলিয়নে দোকান ভাড়া নিয়েছেন তাঁদের মালিক। মেলা উপলক্ষে পাকিস্তান থেকে এ সব শাড়ি-কাপড় আনা হয়েছে বলে জানান তিনি।
শামীমা আক্তার নামের এক ক্রেতা বলেন, এক দেশের প্যাভিলিয়নে আরেক দেশের পণ্যের দোকান। তাই দেখে-শুনে কিনতে হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্য মেলার সদস্যসচিব বিকর্ণ কুমার ঘোষ ‘প্রথম আলো’কে বলেন, ‘এক দেশের প্যাভিলিয়নে অভ্যন্তরে অন্য দেশের পণ্য বিক্রিতে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে বিদেশি প্যাভিলিয়নগুলো অন্য দেশের দোকান রাখবে কি না এটা তাদের নিজস্ব ব্যাপার।’