বাণিজ্য শর্তের অবনতি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বাণিজ্য শর্তের অবনতি হচ্ছে, যা অর্থনীতিতে কাঠামোগত প্রতিকূলতা সৃষ্টি করছে। প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে ভবিষ্যতে তা আরও কমে যেতে পারে।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণের এক প্রতিবেদনে এই পর্যালোচনা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, অপেক্ষাকৃত কম মূল্য সংযোজনকারী রপ্তানি পণ্যের ও অধিক মূল্য সংযোজনকারী আমদানি পণ্যের আধিক্য বেড়ে যাওয়ার কারণে বাণিজ্য শর্ত ক্রমহ্রাসমান হয়েছে। আর বাণিজ্য শর্ত ক্রমাগত নিম্নমুখী হওয়ায় দিন দিন বেশি মূলধন দেশের বাইরে চলে যাচ্ছে ।
সাধারণত বাণিজ্য শর্ত বলতে কোনো দেশের আমদানি পণ্যের সাপেক্ষে রপ্তানি পণ্যের আপেক্ষিক দাম বোঝান হয়।
উন্নয়ন অন্বেষণের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০-১১ অর্থবছরে বাণিজ্য শর্ত ৭০ দশমিক ৮ শতাংশ থেকে কমে গিয়ে ২০১১-১২ অর্থবছরে ৭০ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে। আর ২০১২-১৩ অর্থবছর শেষ হয়ে গেলেও এই সময়ের বাণিজ্য শর্তের প্রকৃত পরিসংখ্যান এখনো পাওয়া যায়নি। তবে উন্নয়ন অন্বেষণ বলছে, ২০১২-১৩ অর্থবছরে বাণিজ্য শর্ত ৬৯ দশমিক ২০ শতাংশে দাঁড়াতে পারে। এরপর ২০১৩-১৪ ও ২০১৪-১৫ অর্থবছরে যথাক্রমে ৬৮ ও ৬৬ দশমিক ৭ শতাংশে দাঁড়াতে পারে। বাণিজ্য শর্ত ২০০৬-০৭ থেকে কমতে শুরু করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সাত ধরনের নিম্ন মূল্য সংযোজনকারী ও শ্রমঘন পণ্য রপ্তানির আধিক্য রয়েছে। এগুলো হলো কাঁচা পাট ও পাটজাত দ্রব্য, তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, নিট পোশাক, রাসায়নিক পণ্য, প্রকৌশল ও বৈদ্যুতিক পণ্যসহ চা।
এগুলোর মধ্যে ২০১১-১২ অর্থবছরের তুলনায় ২০১২-১৩ অর্থবছরে পাটজাত দ্রব্য ও তৈরি পোশাক রপ্তানি কিছুটা বাড়লেও অন্যগুলোর ক্ষেত্রে নিম্ন গতি লক্ষ করা গেছে।
অন্যদিকে প্রধান পাঁচটি আমদানি পণ্যের মধ্যে খাদ্যশস্য ছাড়া অপরিশোধিত পেট্রোলিয়াম, কাঁচা তুলা, মূলধনি যন্ত্রপাতি, লোহা, ইস্পাত এবং অন্যান্য মৌলিক বেস ধাতু তুলনামূলক উচ্চ মূল্যে সংযোজনকারী দ্রব্য।
উন্নয়ন অন্বেষণ বলছে, আর্থিক প্রণোদনা, ভর্তুকি ও কর অবকাশ সুবিধা দেওয়ার মাধ্যমে প্রযুক্তিগত উন্নয়ন, সংযোজন ও উচ্চ মূল্যের ম্যানুফ্যাকচারিং দ্রব্য উৎপাদনের মাধ্যমে বাণিজ্য শর্ত হ্রাসকে রোধ করা যাবে। পাশাপাশি রাজস্ব ও আর্থিক নীতির মধ্যেও সমন্বয় দরকার।