বাণিজ্য শর্তের অবনতি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বাণিজ্য শর্তের অবনতি হয়ে চলেছে। গত অর্থবছরে পণ্য বাণিজ্য শর্তের সূচক নেমে হয়েছে ৭১ দশমিক ০৩। আর ২০০৭-০৮ অর্থবছরের এই সূচক ছিল ৭১ দশমিক ২৬। বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত ‘বার্ষিক প্রতিবেদন ২০০৮-০৯’ থেকে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়েছে, গত অর্থবছরে রপ্তানি মূল্যসূচক ও আমদানি ব্যয়সূচক উভয়ই আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। এর পরও বাণিজ্য শর্তের কিছুটা অবনতি হয়েছে।পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০০৮-০৯ অর্থবছরে রপ্তানি মূল্যসূচক ছিল ১৭১ দশমিক ২৯ পয়েন্ট। আর তার আগের অর্থবছর এই সূচক ছিল ১৬৫ দশমিক ৭০ পয়েন্ট।অন্যদিকে গত অর্থবছরের একই সময়ে আমদানি মূল্যসূচক ছিল ২৪১ দশমিক ১৫ পয়েন্ট, যা ২০০৭-০৮ অর্থবছরে ছিল ২৩২ দশমিক ৫২ পয়েন্ট।এতে আরও দেখা যায়, ২০০৫-০৬ অর্থবছর বাণিজ্য শর্তের সূচক ছিল ৮০ দশমিক ৬০, যা ২০০৬-০৭ অর্থবছরে বেড়ে হয় ৮১ দশমিক ৫৩ পয়েন্ট। কিন্তু তার পরের বছর থেকেই আবার নিম্নমুখী হতে থাকে। বাণিজ্য শর্তের সূচক দিয়ে বোঝানো হয় যে রপ্তানির মূল্যসূচকের তুলনায় আমদানি মূল্যসূচকের অবস্থাটা কী। আর এ থেকেই বোঝা যায় যে আমদানির জন্য যা ব্যয় হচ্ছে, তা কতখানি রপ্তানি আয় দিয়ে মেটানো সম্ভব। গাণিতিকভাবে রপ্তানির মূল্যসূচককে আমদানি মূল্যসূচক দিয়ে ভাগ করে ভাগফলকে ১০০ দিয়ে গুণ করার পর যে সংখ্যাটি পাওয়া যায়, সেটাই বাণিজ্য শর্তের সূচক।এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক সেলিম রায়হান বলেন, ‘বাংলাদেশে আমাদের আমদানি-রপ্তানির যে পরিস্থিতি, তাতে আমরা মূলত রপ্তানি করি আমাদের আমদানি ব্যয় মেটানোর জন্য। বাণিজ্য শর্তের অবনতি ঘটলে বুঝতে হবে আমরা আগে নির্দিষ্ট পরিমাণ আমদানির জন্য যে পরিমাণ রপ্তানি করতাম, এখন একই পরিমাণ আমদানির জন্য আগের চেয়ে বেশি রপ্তানি করতে হচ্ছে।’সেলিম রায়হান ব্যাখ্যা করে বলেন, সাধারণভাবে বাণিজ্য শর্তের অবনতি নেতিবাচক প্রবণতারই প্রতিফলন। কারণ, আমদানি ব্যয় যে হারে বাড়ছে, রপ্তানি আয় সে হারে বাড়ছে না। এর প্রভাবে শেষ পর্যন্ত ভোক্তা ক্ষতিগ্রস্ত হয়। বিশ্বমন্দার পরিপ্রেক্ষিতে বাণিজ্য শর্তের এই অবনতি কোনো উদ্বেগের বিষয় কি না জানতে চাইলে এই অর্থনীতিবিদ বলেন, মন্দার প্রভাবে ইতিমধ্যেই আমাদের রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে। রপ্তানি আয় খুব একটা বাড়ছে না। অন্যদিকে এখন আবার বিশ্ববাজারে এমন সব পণ্যের দাম বাড়তে শুরু করেছে যেগুলো আমরা সাধারণত আমদানি করে থাকি। সুতরাং আগামী দিনগুলোয় আমদানি আরও ব্যয়বহুল হয়ে পড়তে পারে। সে ক্ষেত্রে বাণিজ্য শর্তের আরেক দফা অবনতির আশঙ্কা রয়েছে বলেও মনে করেন তিনি।সেলিম রায়হানের আশঙ্কা, আমদানি ব্যয় বাড়ার ফলে দেশের অভ্যন্তরে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যের দাম বেড়ে গিয়ে তা মূল্যস্ফীতি বাড়িয়ে দিতে পারে। বাংলাদেশ ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে অবশ্য মূল্যস্ফীতির আশঙ্কা করা হয়নি। এতে আগামী দিনগুলোর মূল্যস্ফীতির সম্ভাবনা প্রসঙ্গে বলা হয়েছে, বিশ্বমন্দা পরিস্থিতির কারণে উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলোতে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে থাকার সম্ভাবনা রয়েছে। তবে অভ্যন্তরীণভাবে রিয়েল এস্টেটের মূল্যবৃদ্ধি ও ব্যাংকে প্রচুর পরিমাণ উদ্বৃত্ত এবং বিশ্ববাজারে দাম বাড়ার প্রবণতা মূল্যস্ফীতিকে শেষ পর্যন্ত কিছুটা উঁচু পর্যায়ে রাখতে পারে বলে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার পরও বাংলাদেশ ব্যাংক মনে করছে, চলতি অর্থবছর শেষে মূল্যস্ফীতির বার্ষিক গড় হার সাড়ে ৬ শতাংশের মধ্যেই থাকবে। গত অর্থবছর মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ৭০ শতাংশ।