বাণিজ্য সংগঠন আইনের খসড়ায় মতামত দেওয়ার সময় বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাণিজ্য সংগঠন আইন, ২০১১’-এর খসড়ার ওপর মতামত দেওয়ার সময় এক মাস বাড়ানো হয়েছে। আগে মতামত দেওয়ার জন্য ২৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মাত্র এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল।তবে গতকাল বৃহস্পতিবার এই সময়সীমা এক মাস বাড়িয়ে করা হয়েছে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়নের জন্য যুগোপযোগী করে বাণিজ্য সংগঠন আইনের খসড়া প্রণয়ন করেছে বাণিজ্য মন্ত্রণালয়।মতামত দেওয়ার জন্য আইনটির খসড়া বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটের ‘লেটেস্ট নিউজ অ্যান্ড কমেন্টস’ নামক পৃষ্ঠায় সংযোজন করা হয়েছে। সচিবালয়ের ৩ নম্বর ভবনের দ্বিতীয় তলায় বাণিজ্য মন্ত্রণালয়ের ১২৩ নম্বর কক্ষে পরিচালক, বাণিজ্য সংগঠন বরাবর চিঠি পাঠিয়ে; অথবা ০২-৭১৬১৬৭৯ নম্বরে ফোন করে; অথবা [email protected]এই ঠিকানায় ই-মেইলের মাধ্যমে মতামত দেওয়া যাবে। বিভিন্ন সংগঠনের অনুরোধের পরিপ্রেক্ষিতে মতামত ও বক্তব্য দেওয়ার সময় বাড়ানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।প্রস্তাবিত খসড়ায় বলা হয়েছে, বাণিজ্য সংগঠনের নির্বাচিত কার্যনির্বাহী কমিটির মেয়াদ হবে তিন বছর। তবে একাধারে দুই মেয়াদের বেশি কেউ নির্বাচিত হতে পারবেন না।বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) ছাড়া লাইসেন্স পাওয়া সব বাণিজ্য সংগঠনকে ছয় বছর পরপর লাইসেন্স নবায়ন করতে হবে। এতে আরও বলা হয়েছে, সাংগঠনিক কার্যক্রম নেই বা নিবন্ধিত অফিসের অস্তিত্ব নেই—এ রকম অকার্যকর বাণিজ্য সংগঠনের লাইসেন্স সরকার বাতিল করতে পারবে।