বাণিজ্য সংগঠনগুলোর মিশ্র প্রতিক্রিয়া
২০১০-১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে দেশের বিভিন্ন বাণিজ্য সংগঠন মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এখানে সেসব সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো:বিটিএমএ: বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) বাজেটে মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, অবকাঠামো উন্নয়ন এবং সে সঙ্গে খাদ্যনিরাপত্তার জন্য কৃষি খাতের গুরুত্ব প্রদানকে অত্যন্ত ইতিবাচক হিসেবে আখ্যায়িত করেছে। একই সঙ্গে বিদ্যুৎ-সংকট মোকাবিলায় ছয় হাজার ১১৫ কোটি টাকা বরাদ্দ দেওয়াকেও স্বাগত জানিয়েছে। বিটিএমএর সভাপতি আবদুল হাই সরকার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে বস্ত্র খাত যে ভূমিকা রাখছে, বাজেটে তা বিবেচনায় নেওয়া হয়নি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিটিএমএ বাজেট প্রস্তাবে ভারী শিল্প হিসেবে যেসব শিল্পকে চিহ্নিত করে মূসক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, সেগুলো ভারী শিল্প হিসেবে সংজ্ঞায়িত করা যায় কি না, সে প্রশ্নও তুলেছে। বিটিএমএ বলেছে, বাজেটে কর অবকাশ সুবিধা সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু উল্লেখ করা হয়নি। বিনিয়োগ উত্সাহিত করার স্বার্থে কর অবকাশ সুবিধা ২০১৫ পর্যন্ত বর্ধিত করার সুপারিশ করেছে বিটিএমএ। বাজেট প্রস্তাবে বস্ত্র খাতের মূলধনি যন্ত্রপাতির ওপর থেকে শুল্ক প্রত্যাহার না করায় প্রকল্প ব্যয় বৃদ্ধি পাবে বলেও মনে করছে বিটিএমএ। তবে বিভিন্ন খাতের জন্য প্রণোদনা গুচ্ছ হিসেবে দুই হাজার কোটি টাকা বরাদ্দ ইতিবাচক বলে মনে করে বিটিএমএ।ফরেন চেম্বার: প্রস্তাবিত ২০১০-১১ অর্থবছরের বাজেটে পল্লী উন্নয়ন ও স্থানীয় সরকার, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি, জ্বালানি ও বিদ্যুৎ, যোগাযোগ ও পরিবেশ খাতে গুরুত্ব দেওয়ায় স্বাগত জানিয়েছে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)। ফিকির সচিব এম এ মতিন স্বাক্ষরিত এক বাজেট প্রতিক্রিয়ায় বলা হয়েছে, প্রস্তাবিত এক লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকার বাজেট, যা গত অর্থবছরের চেয়ে ১৯ দশমিক ৫৯ শতাংশ বেশি। উচ্চাভিলাষী এ বাজেট অতিমাত্রায় ব্যাংকঋণনির্ভর। তাই এ বাজেট অর্জন করতে হলে কঠোর তদারকির ব্যবস্থা করতে হবে।প্রস্তাবিত বাজেটে জ্বালানি খাতে বরাদ্দ বৃদ্ধি বিনিয়োগ পরিবেশ উন্নয়ন করবে বলে মনে করে ফিকি। সংগঠনটির মতে, ভ্যাট আদায়ের প্রক্রিয়া সংস্কার ও সর্বোচ্চ করদাতাদের জন্য ট্যাক্স কার্ড প্রবর্তন একটি ইতিবাচক দিক।তবে সরকারের অতিমাত্রায় ব্যাংকঋণ নির্ভরতায় ব্যাংকগুলোতে তারল্য সংকট দেখা দিতে পারে, যা আমানতের সুদের হার বাড়িয়ে ঋণের সুদের হারও বাড়াতে পারে। এতে ব্যবসা-বাণিজ্য ও শিল্পের ব্যয় বাড়বে। ভ্যাট কর্মকর্তাদের ক্ষমতা বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের মূলধনি মুনাফার ও শেয়ার প্রিমিয়ারের ওপর কর বসানোকে বাজেটের নেতিবাচক দিক হিসেবে উল্লেখ করেছে ফিকি। ফিকি বলেছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং মোবাইল ফোন কোম্পানিগুলোর করপোরেট আয়কর কমানোর প্রস্তাব এবং ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা বাড়ানোর প্রস্তাব গ্রহণ করা হয়নি। চিটাগাং চেম্বার: চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম এ লতিফ এক প্রেস বিজ্ঞপ্তিতে বাজেটকে সামগ্রিকভাবে একটি উত্তম, কৃষি প্রণোদনামূলক, কর্মসংস্থান বৃদ্ধি সহায়ক, বিনিয়োগবান্ধব এবং সামাজিক উন্নয়ন সহায়ক বলে মন্তব্য করেন। চেম্বার সভাপতি পিপিপির মাধ্যমে ভৌত অবকাঠামো খাতে অধিকতর বেসরকারি বিনিয়োগ আকর্ষণের নীতিমালা অব্যাহত এবং এ ক্ষেত্রে বাজেট বরাদ্দ বৃদ্ধি করায় সরকারকে ধন্যবাদ জানান।