বাংলাদেশের বাণিজ্য ব্যবস্থায় বিদ্যমান সমস্যা সমাধানে কর্মপরিকল্পনা নির্ধারণের জন্য নতুন বাজার, নতুন পণ্য, দক্ষ শ্রমিক, ভোক্তাসেবা ও নিরাপদ কর্মপরিবেশ জরুরি।
বাণিজ্য সক্ষমতা বাড়াতে তৈরি করা ‘ডায়াগনসটিক ট্রেড ইন্টিগ্রেশন স্টাডি’র (ডিটিআইএস) খসড়া প্রতিবেদনে এমন পর্যবেক্ষণই বেরিয়ে এসেছে।
দেশের বাণিজ্য ব্যবস্থায় বিদ্যমান প্রতিবন্ধকতা এবং চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে একটি অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা তৈরির উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে ডিটিআইএসের খসড়া প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
খসড়াটির পর্যালোচনার জন্য গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বাণিজ্য মন্ত্রণালয় একটি কর্মশালার আয়োজন করে। এর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের।
বাণিজ্যসচিব মাহবুব আহমেদের সভাপতিত্বে বিশ্বব্যাংকের এ দেশীয় পরিচালক জোহানেস জাট, এ দেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হান্না, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রতিনিধি ক্রিস্টিয়ান ক্রাউস এবং অতিরিক্ত বাণিজ্যসচিব (ডব্লিউটিও সেলের মহাপরিচালক) অমিতাভ চক্রবর্তী বক্তব্য দেন।
খসড়া প্রতিবেদনটি উপস্থাপন করেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ সঞ্জয় কাঠুরিয়া। প্রতিবেদনে বলা হয়, বাণিজ্য উন্নয়নে প্রাথমিক নীতিমালার পরিবর্তন ঘটনো প্রয়োজন।
অনুষ্ঠানের বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের রপ্তানি খাতকে শক্তভিত্তির উপর দাঁড় করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। রপ্তানি খাতকে পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্যের প্রতিবন্ধকতা দূর করা এবং নতুন বাজার সৃষ্টির চেষ্টা চলছে। ফলে রপ্তানি বাণিজ্য এগিয়ে যাচ্ছে।