বাণিজ্য-সক্ষমতা বাড়ানোর জন্য কর্মপরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বাণিজ্যব্যবস্থায় বিদ্যমান প্রতিবন্ধকতা এবং চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করে একটি অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। খবর বাসসের।
এ লক্ষ্যে মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের উদ্যোগে ‘ডায়াগনস্টিক ট্রেড ইন্টিগ্রেশন স্টাডি’ (ডিটিআইএস) খসড়া প্রতিবেদনের ওপর দুই দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়েছে। রাজধানীর রূপসী বাংলা হোটেলে আজ মঙ্গলবার সকালে এ কর্মশালার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের।
কর্মশালায় বিশেষ অতিথি থাকবেন বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক জোহানেস জাট এবং ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হান্না। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাণিজ্যসচিব মাহবুব আহমেদ।
স্বল্পোন্নত দেশগুলোর বাণিজ্যিক ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ছয়টি আন্তর্জাতিক সংস্থার (ডব্লিউটিও, আঙ্কটাড, আইটিসি, ইউএনডিপি, বিশ্বব্যাংক ও আইএমএফ) যৌথ উদ্যোগে গঠিত ইআইএফ কাঠামোয় বাংলাদেশ ২০০৯ সালে যোগদান করে। এ প্রক্রিয়ার আওতায় বাংলাদেশের বাণিজ্য-সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ডায়াগনস্টিক ট্রেড ইন্টিগ্রেশন স্টাডি সম্পন্ন করতে বিশ্বব্যাংককে মনোনয়ন করা হয়েছিল। বিশ্বব্যাংক ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে দেশের বাণিজ্যব্যবস্থায় বিদ্যমান প্রতিবন্ধকতা এবং চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করে।