
যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে গেলেও বাংলাদেশের সঙ্গে তার বাণিজ্য সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন দেশটির সাংসদ রুশনারা আলী। তিনি বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক দৃঢ় হয়েছে।
দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নেতারা দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশ–বিষয়ক বাণিজ্য দূত রুশনারা আলী বর্তমানে বাংলাদেশ সফর করছেন। গতকাল মঙ্গলবার এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদের নেতৃত্বে সংগঠনটির নেতারা রাজধানীর একটি হোটেলে তাঁর সঙ্গে বৈঠক করেন।
এফবিসিসিআই এক বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া বা ব্রেক্সিট নিয়েও আলোচনা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈঠকে মাতলুব আহমাদ দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে যুক্তরাজ্যের বিনিয়োগ আহ্বান করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ যুক্তরাজ্যে ওষুধ রপ্তানি করতে আগ্রহী। এফবিসিসিআই থেকে একটি বাণিজ্য প্রতিনিধিদল শিগগিরই যুক্তরাজ্য সফর করবে বলেও উল্লেখ করেন তিনি।
রুশনারা আলী জলবায়ু নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন বলে জানায় এফবিসিসিআই।
বৈঠকে এফবিসিসিআইয়ের সহসভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, মাহবুবুল আলম, বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক ও এফবিসিসিআইয়ের কয়েকজন পরিচালক উপস্থিত ছিলেন।
অ্যালিসন ব্লেক বলেন, বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য যুক্তরাজ্য অনলাইন ভিসা ব্যবস্থা চালু করেছে এবং ভিসা প্রক্রিয়া আগের চেয়ে অনেক সহজ করা হয়েছে।
বাংলাদেশ ২০১৫-১৬ অর্থবছরে যুক্তরাজ্যে ৩৮১ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। অন্যদিকে যুক্তরাজ্য থেকে আমদানি করেছে ২৮ কোটি ডলারের পণ্য।