বাণিজ্য সম্প্রসারণে ভাবমূর্তি জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক বন্ধন আরও সুদৃঢ় করতে উদ্যোক্তা শ্রেণী তৈরির পাশাপাশি দেশের ভাবমূর্তি বাড়াতে হবে। এ জন্য বাংলাদেশ সরকারকে বাণিজ্য সহায়ক নানামুখী উদ্যোগ গ্রহণ করতে হবে।গতকাল মঙ্গলবার আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত মধ্যাহ্ন ভোজসভায় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি এসব কথা বলেন। রাজধানীর রূপসী বাংলা হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়।মরিয়ার্টি আরও বলেন, তরুণ উদ্যোক্তাসহ সব উদ্যোক্তার ব্যবসায় নিবন্ধন-প্রক্রিয়া, জমি অধিগ্রহণের মতো অন্যান্য সুবিধা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ করা উচিত। অধিকতর ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা সম্ভব হলে বাংলাদেশের উদ্যোক্তারা আরও আগ্রহী হবেন। মরিয়ার্টি আরও বলেন, বাংলাদেশকে অনেকে চেনে নেতিবাচক খবর দিয়ে। তাই বাংলাদেশকে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ‘বাংলাদেশ ব্র্যান্ড’ হিসেবে পরিচিত করা গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক সম্ভাবনা ও অর্জন দিয়ে আরও ইতিবাচক উপায়ে বাংলাদেশকে পরিচিত করা উচিত।মধ্যাহ্ন ভোজসভায় আরও উপস্থিত ছিলেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ, অ্যামচেমের সভাপতি আফতাব উল ইসলাম, সহসভাপতি খালিদ হোসেন, নির্বাহী পরিচালক এ গফুর প্রমুখ।এক প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, কোনো দেশের গণতন্ত্র, সুশাসন ও সন্ত্রাস মোকাবিলা কার্যক্রম—এই তিনটির কোনো একটির অবস্থা খারাপ হলে অন্য দুটির ওপরও প্রভাব পড়ে। তাই অর্থনৈতিক উন্নয়নের জন্য এই তিনটি সূচকই সমান্তরালভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। তাঁর মতে, সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশ ভালো করছে। এ দেশের মানুষ উগ্রবাদের বিপক্ষে।মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, ‘আশা করি ২০১৩ সালে যেকোনো মূল্যে বাংলাদেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর জনগণের চাহিদা অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং স্থিতিশীল উন্নয়ন আসবে।’ মরিয়ার্টি জানান, বাংলাদেশের জ্বালানি-সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের শেভরন, জিই ও কনকো ফিলিপস—এই তিনটি কোম্পানি কাজ করছে। এসব কোম্পানি শত শত কোটি ডলার বিনিয়োগ করছে।