বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) এবং নেপাল ব্যুরো অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড মেট্রোলজি (এনবিএসএম) একটি সমঝোতা স্মারক সই করেছে।
ঢাকায় দুই দিনব্যাপী বাংলাদেশ-নেপাল বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক শেষে গতকাল বুধবার এ সমঝোতা স্মারক সই হয়। সচিবালয়ে এই সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশের বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন এবং নেপালের বাণিজ্যসচিব নায়ন্দ্র প্রসাদ উপাধ্যায়।
হেদায়েতুল্লাহ আল মামুন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, নেপালের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে যে কারিগরি বাধা (টিবিটি) ছিল, এই সমঝোতা স্মারক সইয়ের ফলে তা দূর হবে।
বাণিজ্যসচিব সাংবাদিকদের আরও বলেন, ঢাকার এ বৈঠকে স্যানিটারি ও ফাইটো স্যানিটারির বিষয়ে একটি সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে উভয় দেশ একমত হয়েছে।
এদিকে বৈঠক সূত্রে জানা গেছে, সরকারি পর্যায়ে জরুরি পণ্য সরাসরি কেনাবেচার জন্য বাংলাদেশ ট্রেডিং করপোরেশন (টিসিবি) এবং পাবলিক ট্রেডিং করপোরেশন অব নেপালের (পিটিসিএন) মধ্যে সমঝোতা স্মারক সইয়ের ব্যাপারেও বৈঠকে আলোচনা হয়। তবে কোনো সিদ্ধান্ত হয়নি।
বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) কাঠামোর আওতায় গত বছরের জুনে যে মোটর-ভেহিকল (যাত্রী ও কার্গো) চুক্তি হয়েছে, তা কার্যকর করার বিষয়ে সদ্য সমাপ্ত বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান হেদায়েতুল্লাহ আল মামুন।
সচিব বলেন, বাংলাদেশ-নেপালের মধ্যে বাণিজ্য বৃদ্ধির বহুমাত্রিক সম্ভাবনা রয়েছে। কিন্তু সেই তুলনায় বাণিজ্যের প্রসার ততটা হয়নি। গত ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ থেকে নেপালে ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। একই সময়ে নেপাল থেকে বাংলাদেশে আমদানি হয়েছে ১ কোটি ১০ লাখ ডলারের পণ্য।
বাংলাদেশি ব্যবসায়ীরা যাতে নেপালে খুব সহজেই বিজনেস ভিসা পেতে পারেন, আবার নেপালি নাগরিকেরাও যাতে বাংলাদেশের স্থলবন্দরে অন অ্যারাইভাল ভিসা পেতে পারেন—উভয় দেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তা সমাধান করবে বলে জানান বাণিজ্যসচিব।
উভয় দেশের পর্যটনশিল্পের বিকাশে হিমালয় থেকে সুন্দরবন পর্যন্ত বেসরকারি পর্যায়ে যাতে প্যাকেজ ট্যুরের আয়োজন হতে পারে—সেই ব্যবস্থা করার ব্যাপারেও উভয় দেশ রাজি হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
বৈঠকে আরও যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—বাংলাদেশ ও নেপালের মধ্যে ট্রানজিটের মাধ্যমে কার্গো পরিবহনের পদ্ধতি নির্ধারণ, রপ্তানির ক্ষেত্রে পারস্পরিক শুল্কমুক্ত সুবিধা প্রদান; নেপালের কাঁকরভিটা থেকে ভারতের পানি ট্যাংকি ও ফুলবাড়ি এবং বাংলাদেশের বাংলাবান্ধা পর্যন্ত বাণিজ্যপথ পুরোপুরি চালু করা। এ ছাড়া নেপালের জলবিদ্যুৎ খাতে বাংলাদেশি বিনিয়োগ; রেলযোগাযোগ স্থাপন ও রোহনপুর-সিংবাদ রেলপথ ব্যবহার করে নেপালে পণ্য পরিবহন, এক দেশের বাণিজ্য মেলায় অন্য দেশের অংশ নেওয়া এবং ফার্মাসিউটিক্যাল বা ওষুধের নিবন্ধন সহজ করা নিয়ে আলোচনা হয়েছে।
নেপালের সঙ্গে বাণিজ্য এত কম কেন—এমন প্রশ্নের জবাবে বাণিজ্যসচিব বলেন, সংযোগের অভাবে। তবে চট্টগ্রাম, মংলা ও পায়রা বন্দর পুরোপুরি ব্যবহার করা গেলে বাণিজ্য বাড়বে।
ঢাকায় বাংলাদেশ-নেপাল বাণিজ্যসচিব পর্যায়ের দুই দিনের বৈঠকটি শুরু হয় গত মঙ্গলবার। এতে বাংলাদেশের বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুনের নেতৃত্বে ১৮ এবং নেপালের বাণিজ্যসচিব নায়ন্দ্র প্রসাদ উপাধ্যায়ের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।