বাণিজ্য সম্মেলন শুরু হচ্ছে ২৬ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
Rizwan Rahman

সপ্তাহব্যাপী বাণিজ্য সম্মেলন করছে বাণিজ্য মন্ত্রণালয় ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। ২৬ অক্টোবর থেকে শুরু হয়ে ১ নভেম্বর শেষ হবে এ সম্মেলন। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের অংশ হিসেবে এ বাণিজ্য সম্মেলন আয়োজন করা হয়েছে। বিদেশি বিনিয়োগ বাড়াতে এমন উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকেরা।

আন্তর্জাতিক সম্মেলনটি হবে ভার্চ্যুয়াল মাধ্যমে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বাণিজ্য সম্মেলন উদ্বোধনের কথা আছে। বাণিজ্য সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরতে আজ রোববার ডিসিসিআই মিলনায়তনে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সেখানে ডিসিসিআইয়ের সভাপতি রিজওয়ান রাহমান বলেন, বাণিজ্য সম্মেলনে অবকাঠামো, আইটি, লেদারগুডস, ফার্মাসিউটিক্যাল, প্লাস্টিক পণ্য, অ্যাগ্রো অ্যান্ড ফুড প্রসেসিং ও পাটের সম্ভাবনার কথা তুলে ধরা হবে। বাণিজ্য সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ৩৮টি দেশের ৫৫২টি কোম্পানি অংশগ্রহণ করবে। এর মাধ্যমে নতুন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হবে। ঢাকা চেম্বারের সভাপতি বলেন, ভার্চ্যুয়াল বাণিজ্য সম্মেলনে বিদেশি বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের কাছে কোভিড মহামারির সময়েও ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশের প্রস্তুতির বিষয় তুলে ধরা হবে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, এ আয়োজন পিপিপি মডেলের অনুকরণীয় দৃষ্টান্ত। এতে উন্নত অর্থনীতির দেশে পরিণত হওয়ার লক্ষ্যে বাংলাদেশের প্রয়োজনীয় প্রস্তুতি ও নীতি সহায়তার বিষয় তুলে ধরা হবে। তিনি আরও বলেন, দেশে বিদ্যুৎসহ অন্যান্য অবকাঠামো খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, যার সুবিধা নিয়ে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশ অনেক সুবিধা থেকে বঞ্চিত হবে। সে পরিস্থিতি মোকাবিলায় আমাদের এখনই উদ্যোগী হতে হবে।’ বাণিজ্য মন্ত্রণালয় ইতিমধ্যে সম্ভাব্য দেশগুলোর সঙ্গে এফটিএ, পিটিএ সইসহ নানাবিধ কার্যক্রম হাতে নিয়েছে। তাঁর আশা, ‘এ বাণিজ্য সম্মেলন উল্লেখযোগ্যসংখ্যক দেশি-বিদেশি উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ স্থাপনে সক্ষম হবে। এতে আমাদের অর্থনীতি আরও শক্তিশালী হবে।’

টিপু মুনশির উদ্বেগ, দেশের রপ্তানি খাত বেশি মাত্রায় পোশাকনির্ভর। এখন অন্যান্য খাত নিয়ে কাজ করার সময় এসেছে। এ ছাড়া বাণিজ্য সম্মেলনে সম্ভাবনাময় ৯টি খাতের ওপর আলোকপাত করা হবে বলে জানান তিনি।

বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ বলেন, বাণিজ্য সম্মেলনটি সরকার ও বেসরকারি খাতের সমন্বয়ের উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি আরও বলেন, এ সম্মেলনে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে বহির্বিশ্বে বাংলাদেশের রপ্তানি খাতের সক্ষমতা তুলে ধরা হবে।