বাণিজ্য সম্মেলনে যোগ দিতে ভারত গেল এফবিসিসিআই প্রতিনিধিদল
উত্তর-পূর্ব আসিয়ান বাণিজ্য সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) একটি প্রতিনিধিদল গতকাল বুধবার ভারতে গেছে। ১৮ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির সভাপতি আবদুল মাতলুব আহ্মাদ।
ভারতের মণিপুরে আজ বৃহস্পতিবার শুরু হবে এ সম্মেলন। আগামী শনিবার শেষ হবে তিন দিনের এ সম্মেলন। মণিপুরের মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিংয়ের মেলাটি উদ্বোধনের কথা রয়েছে। এতে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এফবিসিসিআই গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে জানায়, ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর সঙ্গে আসিয়ান দেশগুলোর যোগাযোগ বৃদ্ধি এবং বাণিজ্য ও পর্যটন খাতে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়ে জোর দেওয়া হবে সম্মেলনে। এ ছাড়া ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জ্বালানি ও খনিজ শিল্প এবং কৃষি খাতের সম্ভাবনা বাস্তবায়নের বিষয়েও আলোচনা হবে।
এফবিসিসিআইয়ের প্রতিনিধিদলটি সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি মণিপুর রাজ্য ও প্রতিবেশী অন্যান্য রাজ্যের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি ও বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ বিষয়ে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবে।
আসিয়ান হলো দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর একটি সংগঠন। ১০টি দেশ এর সদস্য। তবে ভারত ও বাংলাদেশ আসিয়ানের সদস্য নয়।