প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশ এখনো বাণিজ্য সহজীকরণের ক্ষেত্রে বেশ পিছিয়ে আছে। আমদানি ও রপ্তানি পর্যায়ে বাংলাদেশে অপেক্ষাকৃত বেশি সময় ও অর্থ ব্যয় হয়।গতকাল বৃহস্পতিবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক সংলাপে উপস্থাপিত মূল প্রবন্ধে এসব কথা উঠে এসেছে।এর সমর্থনে বাণিজ্যসচিব গোলাম হোসেন বলেছেন, বাণিজ্য সহজীকরণে সরকার যথেষ্ট ও কার্যকর উদ্যোগ নিচ্ছে না। তিনি সংলাপে প্রধান অতিথি ছিলেন।রাজধানী সিরডাপ মিলনায়তনে বাণিজ্য সহজীকরণ-বিষয়ক এই সংলাপ অনুষ্ঠিত হয়। সিপিডির পক্ষে প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির গবেষক সৈয়দ সাইফুদ্দীন হোসেন। এ ছাড়া জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (ইউএনএসকাপ) বাণিজ্য ও বিনিয়োগ বিভাগের প্রতিনিধি ইয়ান ডুভাল আরেকটি প্রবন্ধ উপস্থাপন করেন।মূল প্রবন্ধ: সিপিডির প্রবন্ধে প্রতিযোগী কয়েকটি দেশের বাণিজ্য সহজীকরণের তুলনামূলক চিত্র দেওয়া হয়। দেখানো হয়, বাংলাদেশে রপ্তানি পর্যায়ে নথিপত্র তৈরি, শুল্কায়ন-প্রক্রিয়া, বন্দর পর্যন্ত পণ্য পরিবহন ও জাহাজীকরণে মোট সময় লাগে ২৫ দিন আর ব্যয় হয় ৯৭০ মার্কিন ডলার। ভারতে এসব কাজ করতে সময় লাগে ১৭ দিন, ব্যয় ৯৪৫ ডলার। আর জাপানে সময় লাগে ১০ দিন ও ব্যয় ৯৮৯ ডলার। অন্যদিকে থাইল্যান্ডে এসব রপ্তানিপ্রক্রিয়ায় সময় লাগে ১৪ দিন আর ব্যয় হয় ৬২৫ ডলার।একই ভাবে বাংলাদেশে আমদানি পর্যায়ে নথিপত্র তৈরি, শুল্কায়ন-প্রক্রিয়া, বন্দরে পণ্য খালাস ও কাঙ্ক্ষিত স্থানে পণ্য পরিবহনসহ মোট ৩২ দিন সময় লাগে আর ব্যয় হয় এক হাজার ৩৭৫ ডলার। ভারতে সময় লাগে ২০ দিন আর ব্যয় ৯৬০ ডলার। আর জাপানে সময় লাগে মাত্র ছয় দিন এবং ব্যয় হয় এক হাজার ৪৭ ডলার। আমদানি পর্যায়ে সব কার্যক্রম সম্পন্ন করতে থাইল্যান্ডে সময় লাগে ১৩ দিন আর ব্যয় হয় ৭৯৫ ডলার।বাণিজ্য সহজীকরণের অংশ হিসেবে কাস্টমস হাউসগুলোকে স্বয়ংক্রিয় করা এবং আমদানি-রপ্তানিপ্রক্রিয়ায় ওয়ান স্টপ সার্ভিসের সুপারিশ করেছে এই গবেষণা সংস্থাটি। আলোচনা: প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যসচিব গোলাম হোসেন বলেন, বাণিজ্য সহজীকরণে নীতি নির্ধারণ ও পর্যবেক্ষণ করাই সরকারের দায়িত্ব। কিন্তু সরকার এই কার্যক্রম শক্তিশালী করতে পারছে না।উদাহরণ দিয়ে তিনি বলেন, শুধু চট্টগ্রাম বন্দরে স্বয়ংক্রিয় (অটোমেশন) সুবিধা রয়েছে, কিন্তু প্রশিক্ষিত জনবলের অভাব রয়েছে। অন্য কোনো বন্দরে অটোমেশন সুবিধাই নেই। এই কাজগুলো সরকারের একার পক্ষে সম্ভব নয়, বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে।বাণিজ্যসচিব আরও জানান, দেশে বিশ্বমানের পণ্য পরীক্ষাগার নেই। এখনো প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানীর পরীক্ষাগারে পণ্য আসতে ১৫-১৬ দিন সময় লাগে।গোলাম হোসেন অবশ্য জানান, যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর নিবন্ধকের পরিদপ্তরকে কম্পিউটারভিত্তিক স্বয়ংক্রিয়-ব্যবস্থার আওতায় আনা হয়েছে।এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, চট্টগ্রাম বন্দর অর্থনীতির মূল চালিকাশক্তি হলেও এই বন্দরটি কাজ করতে পারছে না। আমদানি-রপ্তানিকারকদের পদে পদে হয়রানির শিকার হতে হয়।ট্যারিফ কমিশনের যুগ্ম প্রধান মোস্তফা আবিদ খান বলেন, রপ্তানি উন্নয়নে সরকারকেই মুখ্য ভূমিকা পালন করতে হবে। বেসরকারি উদ্যোক্তাদের অবাধ তথ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে।সভাপতির বক্তব্যে সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, বাণিজ্য সহজীকরণের জন্য অবকাঠামো উন্নয়ন, সঠিক নীতি প্রণয়ন এবং সরকারি সংস্থাগুলোকে কার্যকর করতে হবে। তিনি জানান, শুল্ক এখন আর গুরুত্বপূর্ণ বিষয় নয়। বিশ্বব্যাপীই শুল্ক হার হ্রাস করা হচ্ছে। এখন গুরুত্বপূর্ণ হলো অশুল্ক বাধা দূর করা।