বাণিজ্য-সহায়তা কাউন্সিল গঠন করবে সরকার
বৈদেশিক বাণিজ্য প্রক্রিয়া সহজ করতে বাণিজ্য-সহায়তা কাউন্সিল গঠন করা হবে। গতকাল রোববার বাণিজ্যমন্ত্রী জি এম কাদের এ কথা বলেছেন। তবে কবে ও কীভাবে এই কাউন্সিল গঠন করা হবে তা তিনি জানাননি। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীদের বাণিজ্য-সহায়তা প্রকল্পের আওতায় এটা করা হবে। এর পাশাপাশি দেশের জন্য একটি সমন্বিত বাণিজ্যনীতি গ্রহণ করা হবে।’ গতকাল ঢাকায় বাংলাদেশ ট্যারিফ কমিশনের সহায়তায় ঢাকা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। এতে বাংলাদেশ ট্যারিফ কমিশনের উপপ্রধান রমা দেওয়ান ‘বাংলাদেশে বাণিজ্য-সহায়তা: সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বাণিজ্যমন্ত্রী জানান, ‘বর্তমানে বিমানবন্দর দিয়ে কোনো পণ্য রপ্তানি করতে হলে ৩১টি স্বাক্ষর লাগে। এটা বেশ সময়সাপেক্ষ। আর প্রতিটি স্বাক্ষরের জন্য ব্যবসায়ীরা টাকা দিতে বাধ্য থাকেন।’ তাঁর মতে, বাণিজ্য-সহায়তা কাঠামো যদি গঠিত হয়ে যায় তবে ব্যবসায়ীদের এ ধরনের হয়রানির মুখে পড়তে হবে না। কারণ, তখন সব কার্যক্রম হবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ই-সার্টিফিকেশনের মাধ্যমে। মন্ত্রী আরও জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের বেশির ভাগ সীমান্ত বাণিজ্য হয়। এ জন্য সরকার স্থলবন্দর সংখ্যা বাড়াতে চায়। কিন্তু ভারত তা করছে না। বাণিজ্যসচিব গোলাম হোসেন বলেন, জিএসপি সার্টিফিকেশনের জন্য স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর উপায় নিয়ে কাজ হচ্ছে। বাণিজ্য-সহায়তায় তিনটি চ্যালেঞ্জ চিহ্নিত করেন বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) ভাইস চেয়ারম্যান সাদিক আহমেদ। এগুলো হলো: প্রক্রিয়া সহজকরণ, পদ্ধতি কম্পিউটারাইজেশন ও অবকাঠামো উন্নতকরণ। সেমিনারে এমসিসিআইয়ের সভাপতি আমজাদ খান চৌধুরী সঞ্চালকের ভূমিকা পালন করেন।