বাণিজ্য ৩০০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য
২০১৫ সালের মধ্যে বাংলাদেশ ও তুরস্ক পারস্পরিক বার্ষিক বাণিজ্য ৩০০ কোটি ডলারে উন্নীত করতে চায়। এ ছাড়া বাংলাদেশকে তুরস্ক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করার প্রস্তাব দিয়েছে তুরস্ক। এই বিষয়ে আগামী দুই মাসের মধ্যে মতামত জানাবে বাংলাদেশ। ঢাকায় গতকাল সোমবার অনুষ্ঠিত দুই দেশের চতুর্থ যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বৈঠকে বাণিজ্য সম্প্রসারণ, কৃষি, মৎস্য, শ্রমশক্তিসহ ১৭টি বিষয়ে গুরুত্বারোপ করে দুই দেশের মধ্যে প্রটোকল স্বাক্ষরিত হয়। শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে গত রোববার এই বৈঠক শুরু হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং তুরস্কের শ্রম ও সামাজিক নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ফারুক চেলিক। এর আগে দুই দেশের মধ্যে একটি প্রটোকল চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বাণিজ্য সম্প্রসারণ, কৃষি, মৎস্য, শ্রমশক্তিসহ ১৭টি বিষয় উল্লেখ করা হয়। প্রটোকলে স্বাক্ষর করেন বাংলাদেশের অর্থমন্ত্রী ও তুরস্কের শ্রম ও সামাজিক নিরাপত্তাবিষয়ক মন্ত্রী। এ সময় উভয় পক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের কৃষি, স্বাস্থ্য, শিল্প, জ্বালানি, শিক্ষা, প্রশিক্ষণ ইত্যাদি খাতের প্রকল্প ও কর্মসূচিতে বিনিয়োগ করতে, বিশেষত প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির কার্যক্রমে অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। এ লক্ষ্যে টার্কিশ ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (টিকা) ঢাকায় অফিস স্থাপন করবে। অর্থমন্ত্রী বলেন, ‘তুরস্ক বাংলাদেশকে ৩০ কোটি ডলারের একটি ঋণপ্রস্তাব দিয়েছে। তুরস্কের এক্সিম ব্যাংকের মাধ্যমে এই অর্থ দেওয়া হবে। আমরাও এই অর্থ চাই। এই অর্থ পেতে বাংলাদেশের একটি ব্যাংক নির্বাচন করতে হবে।’ তুরস্কের বাজারে পণ্য প্রবেশে বাড়তি কর দিতে হয়, এ জন্য বাংলাদেশের পণ্য রপ্তানি কমে গেছে—এই প্রসঙ্গে ফারুক চেলিক বলেন, শুধু বাংলাদেশ নয়, গত বছর বিশ্বের সব দেশের পণ্যের ওপর এই ধরনের শুল্ক আরোপ করা হয়েছে। এটা করা হয়েছে অভ্যন্তরীণ বাজার সুরক্ষার জন্য। জেইসি বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। মুক্ত বাণিজ্য অঞ্চল (এফটিএ) কিংবা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি হলে এটা নিয়ে সমঝোতা করা যেতে পারে।ফারুক চেলিক আরও বলেন, বাংলাদেশ ও তুরস্ক পরস্পরের দক্ষ শ্রমশক্তি ব্যবহার করতে পারে। জেইসি বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তুরস্কের পক্ষে নেতৃত্ব দেন দেশটির শ্রম ও সামাজিক নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ফারুক চেলিক। আর কারিগরি অধিবেশনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব আরাস্তু খান ও তুরস্কের চুক্তিবিষয়ক কার্যক্রমের উপমহাপরিচালক এমিন সেন্ডাল নেতৃত্ব দেন।