বাণিজ্যবিষয়ক পাঁচ আইন প্রণয়ন আটকে আছে
বর্তমান সরকারের মেয়াদ শেষ হতে আর ছয় মাসও বাকি নেই। ২৪ অক্টোবর দায়িত্ব ছাড়ার আগের তিন মাসে বড়জোর একটি বা দুটি সংসদ অধিবেশন বসতে পারে। মন্ত্রিসভার অনুমোদন ও আইন মন্ত্রণালয়ের ভেটিং (পরীক্ষা-নিরীক্ষা) শেষে এর মধ্যেও জাতীয় সংসদে অনেক আইন পাস হওয়া সম্ভব।কিন্তু প্রস্তুত নয় বাণিজ্য মন্ত্রণালয়। সংসদে পাস করার আগে তো মন্ত্রিসভার অনুমোদন নিতে হবে। সেটি আর হচ্ছে না। আর তাই সরকারের পুরো মেয়াদেও অর্থ ও বাণিজ্যবিষয়ক আইনগুলো পাস না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এগুলো হচ্ছে কোম্পানি আইন, বহুস্তর বিপণন (এমএলএম) আইন, বাণিজ্য সংগঠন আইন, সোসাইটিজ রেজিস্ট্রেশন আইন এবং ফরমালিন নিয়ন্ত্রণ আইন।মন্ত্রিসভায় এর আগে উপস্থাপিত হওয়া কয়েকটি বিষয় নিয়ে গত বৃহস্পতিবার বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়। বৈঠকে আইনগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়।বৈঠক শেষে যোগাযোগ করলে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আইন প্রণয়ন করতে হলে সতর্কতা অবলম্বন করতে হয়। খুঁটিনাটি ও আগপিছ ভাবতে হয়। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। আশা করছি, আগামী সংসদ অধিবেশনেই কয়েকটি আইন পাস হবে।’কোম্পানি আইন: বর্তমান সরকারের শুরুর দিক থেকেই কোম্পানি আইন নিয়ে কাজ চলছে। শুরুতে সরকার অবশ্য দ্বিধায় ছিল, বিদ্যমান কোম্পানি আইন সংশোধন করবে, নাকি নতুন আইন পাস করবে। সংশোধনের জন্য দুই বছর কাজ করার পর ২০১১ সালের জুলাইতে হঠাৎ তৎকালীন বাণিজ্যসচিব গোলাম হোসেন নিজেকে আহ্বায়ক করে সিদ্ধান্ত নেন কোম্পানি আইন হবে নতুন। তার পরও দুই বছর কেটে গেছে। নতুন আইনের খসড়া মন্ত্রিসভাতেই পাঠাতে পারেনি বাণিজ্য মন্ত্রণালয়।এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কমিটিই বলছে, বিদ্যমান কোম্পানি আইনটি অনাধুনিক এবং অনেক ক্ষেত্রেই প্রয়োগের অযোগ্য। আইনটির বিভিন্ন ধারার মধ্যে অনাবশ্যক দ্বন্দ্ব রয়েছে। শেয়ারবাজারের আইনের সঙ্গেও রয়েছে জটিলতা। এতে এমন কিছু অবাঞ্ছিত ধারা রয়েছে, যাতে মানুষের অহেতুক হয়রানির শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। কিছু ক্ষেত্রে আইনটির এক ধারার সঙ্গে আরেক ধারা বিপরীতমুখী ও দ্ব্যর্থবোধক। তাই আইনটি নতুন করে করা জরুরি।তবে আইনজীবীদের দিক থেকে নতুন আইন প্রণয়নের বিরোধিতা রয়েছে বলে জানা গেছে। কারণ, বিদ্যমান আইনে কোনো কিছু হলেই আদালতের দ্বারস্থ হতে হয়। নতুন আইনে সেই সুযোগ রাখা হচ্ছে না।এমএলএম আইন: ডেসটিনির প্রতারণা নিয়ে সারা দেশে তোলপাড় হলে ‘মাল্টিলেভেল মার্কেটিং (নিয়ন্ত্রণ) আইন’ নামে আইন প্রণয়নে হাত দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এই আইনের একটি খসড়া মন্ত্রিসভায় অনুমোদিত হয়ে প্রায় এক বছর ধরে পড়ে আছে।এতে বলা হয়েছে, এমএলএম কোম্পানিগুলো কখনো উচ্চ মুনাফার লোভ দেখিয়ে বিনিয়োগে আকৃষ্ট করছে জনগণকে। আবার কখনো অলীক পণ্য বিপণনে অস্বাভাবিক মুনাফার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছে। আইন হলে এসব কাজ আর করা যাবে না।খসড়ায় আরও বলা হয়েছে, যে নামেই অভিহিত করা হোক না কেন, পিরামিডসদৃশ বিক্রয় কার্যক্রম করা যাবে না। অবস্তুগত বা অলীক পণ্য এবং সময়ের ধারাবাহিকতা বা পর্যায়ক্রমিক প্রক্রিয়াকরণের মাধ্যমে ভবিষ্যতে বিপণনযোগ্য হবে, এমন পণ্য বা সেবা নিয়েও ব্যবসা করা যাবে না।সোসাইটিজ রেজিস্ট্রেশন আইন: এ বিষয়ে বিদ্যমান আইনটি ১৮৬০ সালের। সরকার চায়, সমাজসেবার নাম ভাঙিয়ে অন্য কিছু করার পথ বন্ধ করতে। গত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেই এ ব্যাপারে নতুন আইনের উদ্যোগ নেওয়া হয়। কয়েক দফা খসড়াও করে বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু কোনো আকার আর দাঁড়ায় না।সর্বশেষ খসড়ায় বলা হয়েছে, সোসাইটির নাম নিয়ে আর ব্যবসা করা যাবে না। অলাভজনক প্রতিষ্ঠানের কথা বলে নিবন্ধন নিয়ে গঠন করা যাবে না কোনো লাভজনক প্রতিষ্ঠান। সোসাইটির নিবন্ধন পেতে হলে উদ্যোক্তাদের হতে হবে আয়কর প্রদানকারী ব্যক্তি। পেশাগত পরিচয়ও থাকতে হবে তাঁদের।বিদ্যমান সোসাইটিজ রেজিস্ট্রেশন আইনে সোসাইটির উদ্দেশ্যের সঙ্গে এদের কার্যক্রমের কোনো মিল নেই। বাণিজ্য মন্ত্রণালয়ের পর্যবেক্ষণে এসেছে, সোসাইটির নিবন্ধন নিয়ে অনেকে এনজিও কার্যক্রম চালাচ্ছে। অনেকে আবার নিবন্ধন নিয়েই এখতিয়ার-বহির্ভূতভাবে নেমে পড়েছে ব্যবসায়। যদিও ওই ব্যবসায়ের লাভ-লোকসানের চিত্র বা বার্ষিক প্রতিবেদন সরকারি দপ্তরে জমা পড়ে না।বাণিজ্য সংগঠন আইন: সব বাণিজ্য সংগঠনের নির্বাচিত কার্যনির্বাহী কমিটির মেয়াদ তিন বছর প্রস্তাব করে বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য সংগঠন আইনের খসড়া প্রকাশ করেছে দুই বছর আগেই। এতে বলা হয়েছিল, মেয়াদের বেশি দায়িত্বে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কমপক্ষে ৫০ হাজার টাকা জরিমানা গুনতে হবে।এতে আরও বলা হয়েছে, কোনো বাণিজ্য সংগঠনের যেকোনো পদে পর পর দুই বছর নির্বাচিত হয়ে থাকলে ওই ব্যক্তি পরবর্তী নির্বাচনে আর প্রার্থী হতে পারবেন না। এ ছাড়া সংগঠনগুলোর লাইসেন্স নবায়ন করতে হবে ছয় বছর পর পর। বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দিতে হবে সংগঠনগুলোর আয়-ব্যয়ের হিসাব, বার্ষিক হিসাব বিবরণী এবং বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী। কিন্তু ওই পর্যন্তই। আইনের খসড়া আর মন্ত্রিসভায় যাচ্ছে না।ফরমালিন নিয়ন্ত্রণ আইন: ফলমূল, শাকসবজি ও মাছ-মাংসে একশ্রেণীর ব্যবসায়ীর ফরমালিনের মাত্রাতিরিক্ত ব্যবহার নিয়ে দেশজুড়ে সমালোচনা হয়। বিশেষজ্ঞ ও ডাক্তাররা হুঁশিয়ার করে দেন, ফরমালিনযুক্ত কিছু খাওয়া যাবে না। বাণিজ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয় আইন করবে। একটি খসড়াও দাঁড় করায়। এতে বলা হয়, লাইসেন্স ছাড়া ফরমালিন উৎপাদন, আমদানি, পরিবহন, মজুত বা বিক্রি করলে পাঁচ থেকে ১০ বছরের জেল হবে। এ ছাড়া চাইলেই কেউ ফরমালিনের ব্যবসা করতে পারবে না। এ জন্য সব ধরনের কাগজপত্র দেখিয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে লাইসেন্স নিতে হবে। কিন্তু আইন আর হচ্ছে না। আর আইনহীনতার সুযোগ নিচ্ছেন আগের মতোই একশ্রেণীর ব্যবসায়ী।বাণিজ্যসচিব আশাবাদ ব্যক্ত করলেও সরকারের বর্তমান মেয়াদে পাঁচ আইনের একটিও পাস হবে বলে ব্যবসায়ী ও মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা মনে করেন না।শিল্পপতি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের উপদেষ্টা মনজুর আহমেদ প্রথম আলোকে বলেন, কিছু চেম্বার নিজেদের মতো করে সংগঠন চালাতে চায়। তারা চায় না আইন সংশোধন হোক। আর কোম্পানি আইনসহ অনেক আইনেরই সংশোধন না হওয়ার জন্য কিছু গোষ্ঠী সব সময় তৎপর থাকে। এ ব্যাপারে সরকারেরও দক্ষতার ঘাটতি রয়েছে বলে উল্লেখ করেন তিনি।