বাণিজ্যবিষয়ক সব কাজ অনলাইনে করা যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত সরকারি দপ্তরগুলো স্বয়ংক্রিয় ব্যবস্থার আওতায় আনতে সরকার ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে এবং বাণিজ্যবিষয়ক কাজগুলো ব্যবসায়ীরা এখনই অনলাইনে করতে পারেন।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গতকাল মঙ্গলবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসকাপ) সদর দপ্তরে অনুষ্ঠিত এক সংলাপে এ কথা বলেন।

বাণিজ্য মন্ত্রণালয় গতকাল এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

ডিজিটাল অর্থনীতির কার্যকর ব্যবহারের মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধিবিষয়ক উচ্চপর্যায়ের এ সংলাপে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, প্রধান আমদানি-রপ্তানি নিবন্ধকের কার্যালয়, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরোসহ বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত সব কার্যালয়ই এখন স্বয়ংক্রিয় ব্যবস্থার আওতায়।

ইউএনএসকাপের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং নির্বাহী সচিব শামসাদ আখতার সংলাপে সভাপতিত্ব করেন।

দেশের প্রত্যন্ত অঞ্চলে ৫ হাজার ডিজিটাল সেন্টার স্থাপন এবং বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থলবন্দরে ডিজিটাল পদ্ধতিতে প্রায় সব কাজ করা হচ্ছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংলাপে অংশ নেওয়ার আগে গতকাল কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ কাঠামো চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন তোফায়েল আহমেদ। থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম এ সময় উপস্থিত ছিলেন।

যোগাযোগ করলে গতকাল মুঠোফোনে বাণিজ্যমন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ কাঠামো চুক্তিতে বাংলাদেশ প্রথম স্বাক্ষরকারী দেশ। বাংলাদেশের পরে সই করেছে চীন ও কম্বোডিয়া।’