২১ অক্টোবর ‘সীমান্ত হাট’ চুক্তি হতে পারে, অশুল্ক বাধা নিয়ে আলোচনা করা হবে
বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ভারত যাচ্ছে প্রতিনিধিদল
আগামী ২১ অক্টোবর ভারতের সঙ্গে ‘সীমান্ত হাট’ চুক্তি স্বাক্ষর হতে পারে। এই চুক্তি সম্পাদনসহ দ্বিপক্ষীয় বাণিজ্যবিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য বাণিজ্যমন্ত্রী ফারুক খানের নেতৃত্বে একটি বাণিজ্য প্রতিনিধিদল ২০ অক্টোবর নয়াদিল্লি যাচ্ছে। বাণিজ্য প্রতিনিধিদলের চার দিনের সফরকালে সীমান্ত হাট ছাড়া দুই দেশের মধ্যে বিদ্যমান শুল্ক ও অশুল্ক বাধা দূরীকরণ, ভারতীয় বাজারে শুল্কমুক্ত সুবিধা, সংবেদনশীল পণ্যের তালিকা হ্রাস, মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) ও বিনিয়োগ সম্পর্কে আলোচনা হবে। সফরের আগে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে এসব বিষয়ে অবহিত করা হবে। প্রতিনিধিরা পরে আসামের রাজধানী গুয়াহাটিতেও যাবেন। সীমান্ত হাট: যোগাযোগ করা হলে বাণিজ্যমন্ত্রী ফারুক খান গতকাল রাতে টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘সীমান্ত হাট চুক্তি স্বাক্ষরের বিষয়টি প্রায় চূড়ান্ত। আগামীকাল (সোমবার) মন্ত্রিপরিষদের বৈঠকে চুক্তিটি উত্থাপন করে অনুমোদন নেওয়া হবে। এই অনুমোদনের পরই ভারতের সঙ্গে এটি স্বাক্ষরিত হবে।’ জানা গেছে, প্রাথমিকভাবে বাংলাদেশ-ভারত সীমান্তসংলগ্ন তিনটি স্থানে সীমান্ত হাট চালুর কথা থাকলেও আপাতত বাংলাদেশের সুনামগঞ্জ ও কুড়িগ্রাম জেলার ভারতীয় সীমান্তে দুটি হাট বসবে। প্রথম পর্যায়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউয়ারঘর ও ভারতের কালিয়াচর এবং কুড়িগ্রামের বাজিতপুর উপজেলার বালিয়াবাড়ী ও ভারতের নলিকাতা সীমান্তে এই হাট বসবে। সীমান্ত হাট চুক্তির খসড়া অনুযায়ী একজন ব্যবসায়ী দিনে ৫০ মার্কিন ডলারের বেশি পণ্য কেনাবেচা করতে পারবেন না। বাংলাদেশি ও ভারতীয় মুদ্রায় কেনাবেচা করা যাবে। দুই দেশের সরকারি কর্মকর্তা ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সমন্বয়ে একটি যৌথ কমিটি সীমান্ত হাট তদারক করবে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য ও কাস্টমস কর্মকর্তাদের নিবিড় পর্যবেক্ষণে থাকবে সীমান্ত হাটের দেড় কিলোমিটার এলাকা। পণ্য কেনাবেচা হবে শুল্কমুক্তভাবে। এতে স্থায়ী কোনো অবকাঠামো থাকবে না। হাটের বাংলাদেশ অংশে যতটুকু জায়গাজুড়ে বাজার থাকবে, ভারতের অংশেও থাকবে ঠিক ততটুকুই। জানা গেছে, সীমান্ত হাটে বাংলাদেশি ব্যবসায়ীরা চানাচুর, চিপস, আলু, মাছ, শুঁটকি, মুরগি, ডিম, সাবান, শিম, সবজি, গামছা, তোয়ালে, কাঠের টেবিল, চেয়ার, গৃহস্থালি কাজে ব্যবহূত লোহার তৈরি পণ্য নিয়ে বসবেন। আর ভারতীয় দিক থেকে আসবে ফল, সবজি, মসলা, মরিচ, হলুদ, পান, সুপারি, আলু, মধু, বাঁশ ইত্যাদি পণ্য।প্রসঙ্গত, ২০০৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ কার্যদলের ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে ভারত বাংলাদেশকে প্রথম সীমান্ত হাটের প্রস্তাব দেয়। বাংলাদেশ তখন এ বিষয়ে ভারতকে একটি ধারণাপত্র দিতে অনুরোধ জানায়। ভারত ধারণাপত্রটি পাঠায় গত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২৩ এপ্রিল। পরে এই ধারণাপত্রের ওপর পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ট্যারিফ কমিশনের মতামত চায় বাণিজ্য মন্ত্রণালয়। তবে তখন হাট স্থাপনে ‘নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে আরও পরীক্ষার দরকার রয়েছে’ মন্তব্য করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, এনবিআর ও ট্যারিফ কমিশন অবশ্য ওই ধারণাপত্রের কিছু সংশোধনসাপেক্ষে সীমান্ত হাট স্থাপনের পক্ষেই মত দেয়। এরপর আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সীমান্ত হাট আবার আলোচনায় আসে। আর গত জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে গৃহীত যৌথ ঘোষণার ৩২ থেকে ৩৮ অনুচ্ছেদে বাণিজ্যবিষয়ক বিভিন্ন পদক্ষেপের মধ্যে সীমান্ত হাট চালুর কথা রয়েছে। এরপর এই যৌথ ঘোষণা বাস্তবায়নের জন্য গত কয়েক মাসে উভয় দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও যুগ্ম সচিব পর্যায়ে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে। দ্বিপক্ষীয় বাণিজ্য: জানা গেছে, ৩০ সদস্যের বাণিজ্য প্রতিনিধিদলে সরকারি প্রতিনিধি ছয়জন। বাকি বেসরকারি খাতের মধ্যে যাঁরা থাকছেন, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই), মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিট পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ), চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই), ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই নেতা ও পরিচালকেরা। এদিকে বাণিজ্য প্রতিনিধিদলের অন্যতম সদস্য আইবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বার্তা সংস্থা ইউএনবিকে জানান, ভারতের সঙ্গে আলোচনায় তাঁরা সে দেশের বাজারে প্রবেশের জন্য সাফটার আওতায় ভারতীয় স্পর্শকাতর পণ্যের তালিকা আরও ছোট করার জন্য অনুরোধ জানাবেন।ভারতে বাংলাদেশি পাটের ব্যাগ রপ্তানির ক্ষেত্রে বর্তমানে ‘বাংলাদেশে প্রস্তুতকৃত’ লেখাসংবলিত চিহ্ন প্রতিটি ব্যাগের গায়ে সেঁটে দেওয়ার জন্য যে বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে, তা প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে আলোচনা হবে বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, দ্বিপক্ষীয় বাণিজ্যে বর্তমানে বাংলাদেশ প্রায় ৩০০ কোটি ডলারের ঘাটতি মোকাবিলা করছে। এফবিবিসিআইয়ের সংকলিত পরিসংখ্যান অনুসারে, ২০০৯-১০ অর্থবছরে ভারত থেকে ৩২১ কোটি ৪৬ লাখ ডলারের পণ্য আমদানির বিপরীতে সে দেশে ৩০ কোটি ৪৬ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে।