বাণিজ্যিক প্রতিষ্ঠানের সুশাসনে গুরুত্বারোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুশাসনই করপোরেট খাতের নৈতিকতা, স্বচ্ছতা ও হিসাব দক্ষতা প্রতিষ্ঠা করতে সহায়তা করে, যা প্রতিষ্ঠানের বাহ্যিক কর্মকাণ্ড ও ভাবমূর্তিতে প্রতিফলন ঘটে। তাই করপোরেট খাতসহ দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরি। ‘গুড করপোরেট গভর্নেন্স ইজ এ টুল ফর দি প্রটেকশন অব স্টেকহেল্ডার ইন্টারেস্ট’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনটেন্টস অব বাংলাদেশ (আইসিএবি) গতকাল শনিবার তাদের নিজস্ব মিলনায়তনে সেমিনারটির আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাশেম। আরও বক্তব্য দেন আইসিএবির সভাপতি মো. সাইফুল ইসলাম, সহসভাপতি মো. শাহজাহান মজুমদার, মো. আবদুস সালাম, শওকত হোসেন প্রমুখ। সেমিনারটির সঞ্চালকের ভূমিকা পালন করেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানির চেয়ারম্যান মো. মাতিউল ইসলাম। এতে মূল প্রবন্ধ পাঠ করেন আইসিএবির কাউন্সিল সদস্য মো. আখতার মতিন চৌধুরী। মো. আবুল কাশেম বলেন, করপোরেট সুশাসন নিশ্চিত করতে হলে সংশ্লিষ্ট সবার সততা, আস্থা, বিশ্বাস, স্বচ্ছতা, পারস্পরিক সম্মান এবং প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য প্রয়োজন। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাকে শেয়ারধারীদের অধিকারের প্রতি তাঁর বিশ্বাস ও সম্মান থাকতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের পরিচালনায় শেয়ারহোল্ডারদের অংশগ্রহণকে উৎসাহিত করতে হবে।মতিউল ইসলাম বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও পরিচালনায় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর (সিইও) ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁকে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও শেয়ারধারীদের মধ্যে সেতুবন্ধনের কাজ করতে হবে। পর্ষদের যেকোনো সিদ্ধান্ত ও তথ্য শেয়ারধারীদের অবহিত করার দায়িত্ব তাঁকে নিতে হবে, যাতে এক ধরনের জবাবদিহিতা নিশ্চিত করা যায়।