বাণিজ্যিক বিরোধ দ্রুত নিষ্পত্তির প্রয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসা-বাণিজ্যে বিরোধ যেন ব্যবসার একটি অপরিহার্য অংশ। ব্যবসা করতে গিয়ে সংশ্লিষ্ট পক্ষ, বিভিন্নভাবে, বিভিন্ন বিষয়ে পরস্পরের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে। তখনই প্রয়োজন পড়ে বিরোধ নিষ্পত্তির। এ জন্য অনেক সময়ই আদালতের দ্বারস্থ হতে হয় কোনো না কোনো পক্ষকে। অবশ্য আদালতের বাইরে দুই পক্ষের অংশগ্রহণে সালিসি প্রক্রিয়ারও ব্যবস্থা আছে।তবে বাংলাদেশে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তিতে সালিস এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। অনানুষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিকভাবে সালিসের চর্চা দেখা যায়। যেহেতু প্রাতিষ্ঠানিক নয়, সেহেতু বহুলাংশে সালিস থেকে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যায় না। এতে ব্যবসার ব্যয় বেড়ে যায়। সময় ও বাড়তি শ্রম নষ্ট হয় সংশ্লিষ্ট পক্ষের।বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তিতে সালিসকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আজ শনিবার (৯ এপ্রিল) আনুষ্ঠানিভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক সালিস কেন্দ্র (বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার বা বিআইএসি)। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আইনমন্ত্রী শফিক আহমেদ। বিশেষত অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান ও প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান।আদালতের বাইরে বিকল্প বিরোধ নিষ্পত্তিকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে সালিসি আইন ২০০১-এর (আরবিট্রেশন অ্যাক্ট) আওতায় এই কেন্দ্র গঠন করা হয়েছে। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের বাংলাদেশ অংশ (আইসিসিবি), ঢাকা চেম্বার ও মেট্রোপলিটন চেম্বার যৌথভাবে এই কেন্দ্র স্থাপন করেছে। রাজধানীর পান্থপথে সুবাস্তু টাওয়ারে (ষষ্ঠ তলায়) এই কেন্দ্রের কার্যালয় করা হয়েছে।আইসিসিবির সভাপতি ও বিআইএসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন সালিসি আইনটি প্রাতিষ্ঠানিক সালিস কার্যক্রমের জন্য যথেষ্ট সহায়ক ছিল না। ১৯৪০ সালের সালিসি আইন সংশোধন করে ২০০১ সালের আইনটি করার পর অবশ্য ওই সমস্যা অনেকটা দূর হয়েছে। সেজন্য আজ বিআইএসির কার্যক্রম চালু করা যাচ্ছে। তবে বিদ্যমান আইনেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমরা আশা করছি, দ্রুত সেগুলো সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে।’মাহবুবুর রহমান আরও বলেন, ‘আমরা সালিসি ব্যবস্থাকে জনপ্রিয় করতে চাই, ব্যবসায়ীদের মধ্যে এই সালিসি ব্যবস্থা সম্পর্কে আস্থা সৃষ্টি করতে চাই। কেননা, বাংলাদেশের আদালতগুলো প্রচুর মামলা-মোকদ্দমায় ভারাক্রান্ত। এতে বাণিজ্যসংক্রান্ত বিরোধগুলো নিষ্পত্তি করতে অনেক সময় লেগে যায়। বিকল্প ব্যবস্থা হিসেবে সালিসের আশ্রয় নেওয়া হলে একদিকে যেমন আদালতের ওপর চাপ কমবে, তেমনি বিরোধ নিষ্পত্তির কাজও অনেক দ্রুত সম্পন্ন করা যাবে।’প্রাতিষ্ঠানিকভাবে সালিসির সুবিধা সম্পর্কে মাহবুবুর রহমান বলেন, এটা দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা সম্ভব। বিরোধে লিপ্ত দুটি পক্ষ নিজেরাই সালিসকারক বেছে নিতে পারে। বাণিজ্যিক বিরোধ ছাড়া অন্য কোনো বিরোধ নিষ্পত্তির সুযোগ নেই বলে বিআইএসি নিবিড়ভাবে সুনির্দিষ্ট বিষয়ের ওপর কাজ করতে পারবে।জানা গেছে, ২০০৪ সালে প্রথম এই প্রতিষ্ঠান গঠন করার উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘ সাত বছর কাজ করার পর অবশেষে এই কেন্দ্র সক্রিয় হতে যাচ্ছে। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফান্ডের (আইএফসি-বিআইএফসি) কাছ থেকে ১৫ লাখ ডলারের কারিগরি সহায়তা পাওয়া গেছে তিন বছরের জন্য। তবে এই সময়ের মধ্যেই কেন্দ্রটি নিয়মিত নিজস্ব আয়ের সংস্থান করতে সক্ষম হবে বলে আশাবাদী বিআইএসির চেয়ারম্যান।মাহবুুবুর রহমান আরও জানান, দেশে এ রকম একটি আন্তর্জাতিক মানের বাণিজ্য বিরোধ নিষ্পত্তি কেন্দ্র থাকলে তা বিদেশি বিনিয়োগকারীদের কাছেও একটি ইতিবাচক বার্তা দেবে। তাঁরা বাংলাদেশের আইনকানুনের প্রতি আরও আস্থাশীল হবেন। এখানে ব্যবসারত বিদেশি ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর কাছেও এটা ইতিবাচক বার্তা দেবে।বিআইএসির চেয়ারম্যান বলেন, বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সমঝোতা, মধ্যস্থতা ও সালিস—এ তিন ধাপে অগ্রসর হতে হবে। বিএআইসি বিরোধে জড়িত পক্ষের জন্য এ তিনটি সেবাই প্রদান করবে।তা ছাড়া সালিসি ব্যবস্থাকে ব্যবসায়ীদের মধ্যে জনপ্রিয় করতে বিআইএসি নিয়মিত ভিত্তিতে বিভিন্ন ধরনের কর্মশালা ও প্রশিক্ষণের আয়োজন করবে—এ তথ্য উল্লেখ করে মাহবুবুর রহমান বলেন, দেশে বাণিজ্য আইন, বিশেষত, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আইনকানুন বিষয়ে দক্ষ আইনজীবীর ঘাটতি রয়েছে। কিন্তু বাংলাদেশের যেহেতু আন্তর্জাতিক বাণিজ্যে সম্পৃক্ততা বাড়ছে ও বাড়বে, সেহেতু ডব্লিউটিও আইনকানুনবিষয়ক আইনজীবীর প্রয়োজনও বাড়বে। এ ক্ষেত্রে বিএআইসি কিছুটা হলেও সহায়ক ভূমিকা পালন করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।মাহবুবুর রহমান আরও বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত ও শ্রীলঙ্কায় এ ধরনের প্রাতিষ্ঠানিক সালিসি ব্যবস্থা ভালোভাবে চালু আছে। এ ছাড়া সিঙ্গাপুর ও মালয়েশিয়ায়ও বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির জন্য প্রাতিষ্ঠানিক সালিসির সুফল পাওয়া গেছে।যেভাবে কাজ হবে: বিআইএসির একটি সালিসকারক (আরবিট্রেটর) প্যানেল থাকছে। থাকছে আইনজীবীদেরও প্যানেল। বিরোধে লিপ্ত দুটি পক্ষ ইচ্ছে করলে এই প্যানেল থেকে সালিসকারক ও নিজ নিজ পক্ষের জন্য আইনজীবী বেছে নিতে পারবে। তবে তারা চাইলে বাইরে থেকেও সালিসকারক আনতে পারবে। যদি দুই পক্ষই একজন সালিসকারকের বিষয়ে সম্মত হয়, তাহলে ওই একজনই সালিস সম্পন্ন করবেন। আর দুই পক্ষ যদি দুজন সালিসকারক নেয়, তাহলে তৃতীয় আরেকজনকে বিএআইসি নিয়োগ করবে। অথবা বিরোধে লিপ্ত দুই পক্ষ মিলেও তৃতীয়জন নিয়োগ দিতে পারবে।এ প্রসঙ্গে বিআইএসির প্রধান নির্বাহী তৌফিক আলী জানান, সালিসকারকের সংখ্যা হতে হবে বেজোড়। একজন অথবা তিনজন। আর যখন বিরোধে লিপ্ত দুটি পক্ষ সালিসে বসতে সম্মত হবে, তখন তাদের এ বিষয়েও একমত হতে হবে যে সালিসে প্রদত্ত রায় তারা মেনে নেবে। সেটা না করে যদি আবার সালিসে হেরে যাওয়া পক্ষ আদালতে চলে যায়, তাহলে সালিস অর্থবহ হবে না।তৌফিক আলী আরও জানান, সালিসের রায় হয়ে যাওয়ার পর তা বাংলাদেশের আইন অনুযায়ী পাঠানো হবে সংশ্লিষ্ট আদালতে। আদালত পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন যে তা যথাযথ আইনি প্রক্রিয়ায় ও আইনি ধারা মেনে সম্পন্ন হয়েছে কি না। যদি হয়ে থাকে, তাহলে সালিসের রায়ের ওপর অনুুমোদন প্রদান করবেন। এর মাধ্যমে সালিসের রায় আইনি বাধ্যবাধকতায় পরিণত হবে।আবার বিআইএসি সরাসরি সালিসি ব্যবস্থা আয়োজনের পাশাপাশি নিজস্ব উদ্যোগে যাঁরা সালিস করতে চান, তাঁদেরও সহায়তা দেবে বলে জানান কেন্দ্রটির প্রধান নির্বাহী। এ ক্ষেত্রে বিরোধে লিপ্ত দুই পক্ষ, তাদের মনোনীত সালিসকারক ও আইনজীবীসহ কেন্দ্রের কক্ষ ভাড়া নিয়ে কাজ চালানো যাবে।যারা বিআইএসিতে সালিসের জন্য আসবে, তাদের নির্ধারিত হারে ফি বা মাশুল দিতে হবে। তবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তা (এসএমই) বা ব্যবসায়ীদের জন্য ছাড়ের সুযোগ থাকবে বলে জানান তৌফিক আলী। তিনি বলেন, এসএমইর সমস্যাগুলো আগে বুঝতে হবে এবং তদনুসারে যথাসম্ভব ব্যয়সাশ্রয়ীভাবে তাদের সালিসের কাজগুলো সম্পন্ন করা হবে।তৌফিক আলী আরও জানান, কোন কোন খাতে, কী কী ধরনের বিরোধ হয়ে থাকে, তারা সেগুলোর ওপর জরিপ ও গবেষণা করবেন। এতে বিরোধের সামগ্রিক ধরন সম্পর্কে একটা চিত্র পাওয়া যাবে। আর এটা সামনে থাকলে বিরোধ নিষ্পত্তির জন্য পরামর্শ দেওয়ায় সহজ হবে বলে তিনি মনে করেন।এক প্রশ্নের জবাবে তৌফিক আলী বলেন, ডব্লিউটিওর বিরোধ নিষ্পত্তি-প্রক্রিয়ার সঙ্গে এই সালিসি প্রক্রিয়ার কিছু মৌলিক পার্থক্য আছে। ডব্লিউটিওর সদস্য হিসেবে কেবল কোনো দেশ বিরোধ নিষ্পত্তির জন্য সেখানে যেতে পারে। কোনো ব্যক্তি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সেখানে সরাসরি যাওয়ার কোনো সুযোগ নেই।উল্লেখ্য, তৌফিক আলী জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও ডব্লিউটিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।বিআইএসিতে ভিডিও কনফারেন্সিংয়েরও ব্যবস্থা থাকছে। অনেক সময়ই বাইরে থেকে আইনজীবীরা বাংলাদেশে আসতে রাজি হন না। সে ক্ষেত্রে প্রযুক্তিগত এই সুবিধা ব্যবহারের সুযোগ থাকলে তাঁরা অংশ নিতে পারবেন।