রাষ্ট্রায়ত্ত শিল্প-কারখানার আওতাধীন অব্যবহূত জমি বাণিজ্যিকভাবে দীর্ঘ মেয়াদে ইজারা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। বেসরকারীকরণ কমিশনের উদ্যোগেই এটি করা হবে। এ জন্য আলাদা একটি কমিটিও গঠন করা হয়েছে। বেসরকারীকরণ কমিশনের ৫৩তম সভা শেষে গতকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান সংস্থাটির চেয়ারম্যান মির্জা আবদুল জলিল। দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর গতকাল বেসরকারীকরণ কমিশনের সভা অনুষ্ঠিত হয়। এর আগে সর্বশেষ সভাটি হয়েছিল ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে। আবদুল জলিল বলেন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বেসরকারীকরণের ক্ষেত্রে এখন নতুন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় এখন থেকে বেসরকারীকরণের ক্ষেত্রে শুধু সেটুকু জমিই বিক্রি করা হবে, যা ওই শিল্পের জন্য ব্যবহূত হয়েছে। এ ছাড়া ওই শিল্প এলাকায় অব্যবহূত যেসব জমি থাকবে, তা দীর্ঘ মেয়াদে বাণিজ্যিকভাবে নতুন শিল্প তৈরির জন্য ইজারা দেওয়া হবে। কমিশন জানিয়েছে, প্রাথমিক জরিপ প্রতিবেদন অনুযায়ী বর্তমানে রাষ্ট্রায়ত্ত ৩৯টি শিল্প-প্রতিষ্ঠানের প্রায় এক হাজার ২৮৮ একর জমি অব্যবহূত অবস্থায় রয়েছে। এসব জমির মধ্য থেকে একেকটি শিল্পের জন্য পাঁচ একর করে বরাদ্দ দেওয়া হলে প্রায় ২৫৭টি নতুন শিল্প গড়ে উঠতে পারে বলে মনে করে কমিশন।কমিশনের চেয়ারম্যান বলেন, ‘শিল্প প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা জায়গার অভাবের কথা শুনে আসছি। এই অবস্থায় সরকারের অব্যবহূত জমি ভাগ ভাগ করে ইজারা দেওয়া হলে সেই অভাব অনেকটা কেটে যাবে।’ জলিল আরও বলেন, প্রাথমিকভাবে ৩৫ বছরের জন্য এসব অব্যবহূত জমি ইজারা দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব জমি বরাদ্দের প্রক্রিয়াটি সম্পন্ন করতে নীতি সহায়তার জন্য ১১ সদস্যের উচ্চ পর্যায়ের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমানকে প্রধান করে গঠিত কমিটিতে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এস এ সামাদ, বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। আবদুল জলিল জানিয়েছেন, কমিটি আগামী তিন মাসের মধ্যে কাজ শুরু করবে।