বাণিজ্যিকভাবে বারিধারায় গ্রামীণফোনের থ্রিজি চালু

পরীক্ষামূলকভাবে চালুর পর এবার বাণিজ্যিকভাবে তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল ফোনসেবা চালু করেছে গ্রামীণফোন। রাজধানীর বারিধারা এলাকার গ্রাহকেরাই আপাতত এ সেবা পাবেন।
বারিধারায় গতকাল মঙ্গলবার থেকে গ্রামীণফোনের এ সেবা দেওয়া শুরু হয়েছে। দিনের শুরুতেই গ্রামীণফোনের দুই পরিচালক নাসের ফজলে আজম ও মোকসেদ আলী খান এবং ডিরেক্ট সেলস বিভাগের প্রধান সাজ্জাদ আলমের নেতৃত্বে গ্রামীণফোনের একদল কর্মকর্তা বসুন্ধরা গ্রুপের প্রধান কার্যালয় পরিদর্শন করে কর্মকর্তাদের থ্রিজির বিভিন্ন ব্যবহার দেখান।
গ্রামীণফোনের কার্যালয়ের সামনে গ্রাহক এবং জিপি হাউসে আগতদের ভিডিও কলের মাধ্যমে তারকাদের সঙ্গে কথা বলার ব্যবস্থা করা হয়। গ্রামীণফোনের বিপণন বিভাগের প্রধান রাজীব ভট্টাচার্য এই কার্যক্রম শুরু করেন।
গ্রামীণফোন বলছে, কয়েক সপ্তাহের মধ্যে ঢাকার অন্যান্য এলাকা, চট্টগ্রাম, সিলেট, গাজীপুর ও নারায়ণগঞ্জ থ্রিজি সেবার আওতায় আসবে।
গ্রামীণফোনের থ্রিজির মাধ্যমে ভিডিওকল করতে খরচ হবে প্রতি মিনিট ১ টাকা ২০ পয়সা (১০ সেকেন্ড পালস)। পরবর্তী সময়ে অন্য অপারেটরেও ভিডিওকল করা যাবে।
এখন থেকে থ্রিজির আওতায় থাকা এলাকার গ্রাহকেরা গ্রামীণফোনের থ্রিজি প্যাকেজ ব্যবহার করতে পারবেন। দুটি গতিস্তরের ভিত্তিতে এই প্যাকেজগুলো নির্ধারণ করা হয়েছে। এর প্রথমটি ৫১২ কিলোবাইট/সেকেন্ড গতির অধীনে দুই গিগাবাইট (জিবি) মাসিক প্যাকেজ। এর দাম পড়বে ৪০০ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
দ্বিতীয়টি হলো, এক মেগাবাইট/সেকেন্ড গতির অধীনে দুই জিবি মাসিক প্যাকেজ যার দাম হবে ৭০০ টাকা (ভ্যাট প্রযোজ্য)। যাঁরা বেশি ইন্টারনেট ব্যবহার করেন, তাঁদের জন্য আছে আনলিমিটেড মাসিক প্যাকেজ যার মূল্য ১২৫০ টাকা (ভ্যাট প্রযোজ্য)।