বাণিজ্যে বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য দক্ষ জনবল তৈরির তাগিদ
ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতিতে সাফল্য পেতে দক্ষ ও প্রশিক্ষিত জনবল গড়ে তুলতে হবে। বিকল্প বিরোধ নিষ্পত্তিসংক্রান্ত এক প্রশিক্ষণ অনুষ্ঠানে গতকাল রোববার বক্তারা এ অভিমত দিয়েছেন। বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল ল’ ইনস্টিটিউট (আইএলআই) যৌথভাবে ঢাকার একটি হোটেলে প্রশিক্ষণের আয়োজন করে। বিয়াকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।এতে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী শফিক আহমেদ। বিয়াকের পর্ষদ সদস্য ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্থার প্রধান নির্বাহী তৌফিক আলী, বাংলাদেশে ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) কান্ট্রি ম্যানেজার কাইল এফ কেল হোফার, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোকেয়া আফজাল রহমান, আইএলআইয়ের প্রশিক্ষক কার্লোস ডাভিলা প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যবসায়ী, আইনজীবী ও বিভিন্ন কোম্পানির নির্বাহীরা এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন।শফিক আহমেদ বলেন, অর্থনৈতিক উন্নয়নে বিকল্প বিরোধ নিষ্পত্তিতে বিয়াকের উদ্যোগকে সরকার সর্বাত্মক সহায়তা দেবে। কারণ, বিয়াকের মতো প্রতিষ্ঠান বাণিজ্য ও বিনিয়োগের জন্য কল্যাণকর। সে জন্য সরকার ইতিমধ্যে সিভিল প্রসিডিটর কোডসহ কয়েকটি গুরুত্বপূর্ণ আইন সংশোধন করে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি বাধ্যতামূলক করেছে। এসব আইনের সুফল পেতে হলে প্রয়োজন হবে দক্ষ জনবল সৃষ্টি। লতিফুর রহমান বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তিতে বিয়াকের ভূমিকা ব্যাখ্যা করেন। তিনি বিয়াকের সুবিধাদি ও সালিশী বিধিবিধান ব্যবহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।কাইল এফ কেল হোফার বাংলাদেশে বাণিজ্য-সহায়ক আইনি সংশোধনীর সুযোগ নেওয়ার জন্য ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান জানান।