বাণিজ্যের জন্য সহায়তা নিয়ে সম্মেলন ঢাকায়
‘বাণিজ্যের জন্য সহায়তা’ (এইড ফর ট্রেড) শীর্ষক সম্মেলন শুরু হচ্ছে ঢাকায়। বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান বাধাবিপত্তি দূর করে দেশে সুষ্ঠু বাণিজ্য পরিবেশ সৃষ্টির অংশ হিসেবে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।২৮ ও ২৯ নভেম্বর অনুষ্ঠেয় দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজক যৌথভাবে বাণিজ্য মন্ত্রণালয়, বিশ্বের ধনিক দেশগুলোর জোট অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) এবং বিশ্বব্যাংক। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে বাণিজ্যের জন্য সহায়তা সূচকে বাংলাদেশের অবস্থান নির্ণয়ে সম্প্রতি একটি সমীক্ষা করা হয়েছে। এর ভিত্তিতে ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় একটি খসড়া তৈরি করেছে, যা চূড়ান্ত হওয়ার অপেক্ষায়। চূড়ান্ত খসড়াটি ২০১৩ সালে অনুষ্ঠেয় বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) চতুর্থ বৈশ্বিক বাণিজ্যের জন্য সহায়তাবিষয়ক পর্যালোচনা কমিটিতে উপস্থাপন করা হবে।বাণিজ্য মন্ত্রণালয়ের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা প্রথম আলোকে জানান, সম্মেলনে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত নিয়ে খসড়াটি চূড়ান্ত করা হবে।সম্মেলনের উদ্বোধনী দিন প্রধান অতিথি থাকবেন বাণিজ্যসচিব মাহবুব আহমেদ। উভয় দিনই অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, ওইসিডি ও ইইউর প্রতিনিধিরা বাণিজ্য-সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন ও বিবৃতি দেবেন। এতে স্বাগত ও সমাপনী বক্তব্য দেবেন বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক (ডিজি) ও অতিরিক্ত বাণিজ্যসচিব অমিতাভ চক্রবর্তী।এই সম্মেলন শুরুর আগে ২৬ ও ২৭ নভেম্বর দুই দিনব্যাপী ‘ভবিষ্যতের বাণিজ্য সহজীকরণ পদক্ষেপ’ শীর্ষক একটি কর্মশালারও আয়োজন করা হয়েছে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা (আঙ্কটাড) এবং ওইসিডির সহায়তায় এরও আয়োজক বাণিজ্য মন্ত্রণালয়।