বাণিজ্যের জন্য সাহায্য অপর্যাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আওতায় বাণিজ্যের জন্য সাহায্য কর্মসূচি থেকে বাংলাদেশ তেমন কোনো সহায়তা পায়নি।
আবার বাণিজ্যের প্রকৃত অংশীদার অর্থাৎ আমদানিকারক ও রপ্তানিকারকেরা সব বেসরকারি খাতের হওয়ার পরও তাদেরকে এ বিষয়ে সঠিকভাবে অবগত করা হয় না।
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাণিজ্যের জন্য সাহায্য (এইড ফর ট্রেড বা এএফটি) বিষয়ক এক সংলাপ অনুষ্ঠানে গতকাল এসব অভিমত উঠে আসে।
রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে আয়োজিত এই সংলাপ অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় মূল নিবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক ফাহমিদা খাতুন।
মূল নিবন্ধে দেখানো হয়, আনুষ্ঠানিকভাবে এএফটি প্রবর্তন করার পর থেকে ছয় বছরে (২০০৬-১১) বাংলাদেশ যা সহায়তা পেয়েছে, তা তার আগের তিন বছরের (২০০২-০৫) চেয়ে কম। বিশেষত অর্থনৈতিক অবকাঠামো ও উৎপাদনশীল সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে এই সহায়তা যথাক্রমে ২০ ও ৪৪ দশমিক ৮১ শতাংশ কমেছে। তবে বাণিজ্যনীতি ও বিধিবিধান প্রণয়নের জন্য সহায়তা বেড়েছে ৬৮৬ শতাংশ।
আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) পরিচালক মোস্তফা আবিদ খান বলেন, যেহেতু কারিগরি বা কৌশলগত সহায়তার কাজ দাতাদের বাছাই করা আন্তর্জাতিক পরামর্শক বা ব্যবস্থাপক প্রতিষ্ঠানের মাধ্যমে করানো হয় বা তাদের থেকে পরামর্শক নিয়োগ করা হয়, সেহেতু এই কাজে সাহায্য প্রদানে বেশি আগ্রহ থাকে। সে কারণেই বাণিজ্যনীতি ও বিধিবিধান প্রণয়নের কাজে সহায়তা বেড়েছে।
মোস্তফা আবিদ আরও বলেন, সাহায্য ব্যবহারে সরকারি প্রতিষ্ঠানগুলোর তেমন কোনো স্বাধীনতা না থাকায় প্রায়শই প্রয়োজন অনুসারে সহায়তা কাজে লাগানো সম্ভব হয় না।
বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সাবেক সভাপতি ফজলুল হক বলেন, বাণিজ্যের জন্য সাহায্য যে কতটুকু ও কীভাবে আসে, তা বেসরকারি খাত ভালোভাবে জানে না। তাই এর কার্যকারিতা কতটুকু, তা নির্ধারণ করা কঠিন। এই সাহায্য ব্যবহারের জন্য যেসব প্রকল্প প্রণীত হয়, সেখানেও বেসরকারি খাতের প্রতিনিধিদের রাখা হয় না। অথচ বাণিজ্য করে থাকে বেসরকারি খাত।
এই বক্তব্য সমর্থন করে ঢাকা চেম্বারের সভাপতি সবুর খান এএফটি অর্থবহ করতে বেসরকারি খাতকে সক্রিয়ভাবে সম্পৃক্ত করার আহ্বান জানান।
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার প্রধান অর্থনীতিবিদ সঞ্জয় কাঠুরিয়া বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যে ঘাটতি নিয়ে অনেক কথাবার্তা বলা হয়, যা মূলত রাজনৈতিক বিবেচনায়। অথচ বাণিজ্যে গতি আনতে আমদানিতে জোর দিতে হবে, বাধা আরও কমাতে হবে। রপ্তানির মাধ্যমে আমদানি অর্থায়ন করতে হবে।
তবে এই বক্তব্যের বিরোধিতা করে মেট্রো চেম্বারের সাবেক সহসভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, রপ্তানি খাত দেশে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি করে, আমদানি অর্থায়ন এর প্রধান কাজ নয়। তিনি এএফটি প্রক্রিয়ায় বিশ্বব্যাংককে দূরে রাখার তাগিদ দেন।
নাসিম মঞ্জুর আরও বলেন, বাণিজ্যনীতি ও বিধির অনেক সুন্দর সুন্দর সমীক্ষা ও দলিলপত্র তৈরি করা হয়েছে, আর দরকার নেই। বরং এখন দরকার নীতি বাস্তবায়ন।
সাবেক বাণিজ্যসচিব সুহেল আহমেদ চৌধুরী এএফটিকে বাংলাদেশের জন্য বিরাট তামাশা হিসেবে অভিহিত করে বলেন, বিশ্বব্যাংককে এই প্রক্রিয়া থেকে দূরে রাখতে হবে।
সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দাতা দেশ ও সংস্থাগুলো প্রত্যেকেই যার যার মতো প্রকল্প তৈরি করে। অথচ প্যারিস নীতিমালায় তাদের মধ্যে সমন্বয় থাকা বাঞ্ছনীয়। তাই দাতাদের সব সম্পদ একটি তহবিলে জড়ো করে সেখান থেকে ব্যবহারের সুপারিশ দেন তিনি।
বাংলাদেশ সরকারের সঙ্গে যখন থেকে পদ্মা সেতু নিয়ে সমস্যা, তখন থেকে আর উন্নয়ন ফোরামের বৈঠক হয় না উল্লেখ করে দেবপ্রিয় বলেন, এর ফলে দাতাদের জবাবদিহিও হয় না, দেশের নাগরিকেরাও সাহায্য বিষয়ে তথ্য পায় না।
দেবপ্রিয় ভট্টাচার্য দ্বিতীয় প্রজন্মের বাণিজ্যের জন্য সহায়তার ওপর জোর দিয়ে বলেন, শুধু উদ্যোক্তারা কেন সাহায্য পাবে, কেন শ্রমিকদের নিরাপত্তায় এই অর্থ ব্যবহার করা হবে না, তা চিন্তা করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জেনেভায় বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত তৌফিক আলী বলেন, বাংলাদেশ বিভিন্ন সময় বাণিজ্য সংরক্ষণ নীতি অনুসরণ করায় বিভিন্ন খাতের বিকাশ হয়েছে। যেমন ডিম-মুরগি আমদানি কয়েক বছর বন্ধ রাখায় দেশে পোলট্রি খাত বিকশিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে বিএফটিআইয়ের প্রধান নির্বাহী মজিবুর রহমান বলেন, বাণিজ্যকে সামগ্রিকতায় নিয়ে আসতে হবে, সামাজিক উন্নয়নে সম্পৃক্ত করতে হবে।