২০১৬ সাল নাগাদ বাণিজ্যের পরিমাণের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি হবে চীন। অর্থাৎ বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির আসন থেকে যুক্তরাষ্ট্র সরে যাবে।হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) প্রকাশিত গ্লোবাল ট্রেড কানেকশনস প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে। ঢাকায় এইচএসবিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এ প্রতিবেদনটি গত বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। এতে আরও বলা হয়েছে, আগামী ১৫ বছর ধরে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হয়ে উঠবে এশীয় অর্থনীতিগুলো। আর ২০২৫ সালের মধ্যে এশিয়ার অর্থনীতির আয়তনে বর্তমানের দ্বিগুণ হবে।এইচএসবিসির ভবিষ্যদ্বাণী অনুযায়ী, আগামী পাঁচ বছর ধরে বিশ্ব অর্থনীতি বছরপ্রতি ৩ দশমিক ৭৮ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করবে। এইচএসবিসি আরও বলেছে, এশিয়ার মধ্যে তৈরি পোশাক ও খাদ্যশস্য খাতের বিশ্ব বাণিজ্যে আগামী পাঁচ বছরে বাংলাদেশ ও ভিয়েতনাম থাকবে শীর্ষে। অন্যদিকে বিশ্বজুড়ে লৌহ আকরিক, সয়া ও তেলের বাণিজ্যে এগিয়ে থাকবে পেরু, নরওয়ে ও ব্রাজিল।বিশ্বের বাকি অঞ্চলগুলোর সঙ্গে বিশেষত দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার সঙ্গে এশিয়ার বাণিজ্য-সংযোগের পরিধি যতই বাড়বে, ততই এই অঞ্চলের জ্বালানি চাহিদা আর শিল্পোৎপাদনের পরিমাণও বছরপ্রতি বৃদ্ধি পাবে। এর ফলে আগামী পাঁচ বছরে আমদানি ও রপ্তানির বার্ষিক প্রবৃদ্ধির হার দাঁড়াবে যথাক্রমে ৬ দশমিক ৫৯ শতাংশ ও ৬ দশমিক ৬২ শতাংশ। আগামী পাঁচ বছরের প্রবৃদ্ধির আরেকটি নিয়ামক হবে এশিয়ার ভেতরেই ক্রমবর্ধমান আন্তরাষ্ট্র বাণিজ্য। অর্থাৎ এশিয়ার দেশগুলো একে অন্যের সঙ্গে বাণিজ্য আগের তুলনায়অনেক বাড়াবে।