বাণিজ্য-পর্যটন বিকাশে উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের ব্যবসা-বাণিজ্য এবং পর্যটন শিল্পের বিকাশের ব্যাপক সম্ভাবনা রয়েছে; যা কাজে লাগাতে পারলে সব দেশই লাভবান হবে। সে জন্য চার দেশের স্থলবন্দরগুলোর সুবিধা ও অসুবিধা চিহ্নিত করা হয়েছে।
ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ সরন গতকাল মঙ্গলবার পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি জানান, ভারত সরকার বাংলাবান্ধা দিয়ে শিগগিরই মানুষ পারাপারের সুবিধা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের ফুলবাড়ী স্থলবন্দরের অবকাঠামো নির্মাণকাজ শেষ হলেই তা শুরু হবে।
এ সময় নেপালের রাষ্ট্রদূত হরিকুমার শ্রেষ্ঠা ও ভুটানের রাষ্ট্রদূত ওম পেমা চোডেন উপস্থিত ছিলেন। তাঁরা আট সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে এখানে আসেন। দলটি আঞ্চলিক উন্নয়ন ও বাণিজ্য প্রসারের সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যে তিন দিন ধরে লালমনিরহাটের বুড়িমারী, ভুটানের ফুয়েন্টসলিং, নেপালের কাকরভিটা স্থলবন্দর পরিদর্শন করেছে।
প্রতিনিধিদলটি স্থানীয় সার্কিট হাউসে পঞ্চগড় চেম্বার ও জেলা আমদানি-রপ্তানিকারক সমিতির নেতাদের সঙ্গে চার দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ বিষয়ে মতবিনিময় করে।