বাধাগ্রস্ত হচ্ছে পোশাক কারখানার পরিদর্শন

হরতাল-অবরোধের কারণে ইউরোপের ক্রেতাদের জোট অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশের পোশাক কারখানা পরিদর্শন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের পোশাকশিল্পের সার্বিক অবস্থা নিয়ে প্রতিবেদনে এমন তথ্যই তুলে ধরেছে কানাডার দৈনিক পত্রিকা টরেন্টো স্টার।
পত্রিকাটিকে অ্যাকর্ডের নির্বাহী পরিচালক রব ওয়েস বলেছেন, হরতাল-অবরোধে কারখানা পরিদর্শন করাটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কয়েক সপ্তাহ আগে শুরু হলেও এ পর্যন্ত মাত্র ১০টি কারখানার পরিদর্শন কার্যক্রম শেষ হয়েছে।
রব ওয়েস আরও বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে আমরা কিছু পরিকল্পনা নিয়েছি। দুই অবরোধের মধ্যে প্রকৌশলীদের তাৎক্ষণিকভাবে ডেকে পরিদর্শন কার্যক্রম চালাচ্ছি। তবে টানা অবরোধ থাকায় এক কারখানা থেকে আরেক কারখানায় যেতেও সময় লাগছে। এ ছাড়া প্রকৌশলীস্বল্পতা তো আছেই।’
রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিক নিহত হওয়ায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এর প্রেক্ষিতে ইউরোপের ক্রেতারা বাংলাদেশের তৈরি পোশাকশিল্পকে সহায়তার জন্য অ্যাকর্ড নামক জোট করেন। এই জোট এদেশের পোশাক কারখানার মানোন্নয়নে আট মাসের মধ্যে এক হাজার ৫০০ কারখানা পরিদর্শন করার ঘোষণা দিয়েছে।
এতে বলা হয়েছে, টানা হরতাল-অবরোধে বিদেশি ক্রেতারা এখন দেশটির কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। এইচ অ্যান্ড এম, ওয়ালমার্টসহ কয়েকটি বড় ক্রেতাপ্রতিষ্ঠান সময়মতো পণ্য না পাওয়ার আশঙ্কায় ইতিমধ্যে তাদের ক্রয়াদেশ হ্রাস করেছে। আরো কয়েকটি প্রতিষ্ঠান কার্যাদেশ কমিয়ে দিতে পারে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ রিটেইলার ও রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রদানের অন্যতম প্রধান উদ্যোক্তা প্রাইমার্ক বাংলাদেশে থাকতে চায়।
লন্ডন থেকে প্রাইমার্কের মুখপাত্র ক্রিস ব্যারি জানান, প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে পোশাক ক্রয় অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
এতে আরও বলা হয়েছে, রাজনৈতিক সহিংসতা চললেও তা প্রাইমার্ক ও লোবলোর মতো আন্তর্জাতিক রিটেইলারদের রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে কোনো আপস করাতে পারেনি।