চাকরিবিধি লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহার
বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে বিএসইসির কর্মকর্তা আনোয়ারুল কবির ভূঁইয়াকে
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়াকে অবশেষে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। পাশাপাশি কমিশনের চাকরিবিধি অনুযায়ী গুরুদণ্ড হিসেবে তাঁর ছয়টি বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট কর্তন করা হয়েছে। বিএসইসির নিয়মিত সভায় গতকাল মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে তিনি সাময়িক বরখাস্ত রয়েছেন।বিএসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, আনোয়ারুল কবির ভূঁইয়ার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত প্রতিবেদন বিবেচনায় নিয়ে চাকরি প্রবিধানমালা-১৯৯৫-এর বিধান অনুযায়ী তাঁর বেতন কর্তন করে তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। ২০১০ সালে শেয়ারবাজার ধসের পর কৃষি ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান খোন্দকার ইব্রাহীম খালেদের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে আনোয়ারুল কবির ভূঁইয়ার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরা হয়। পরবর্তীকালে পুনর্গঠিত কমিশনের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে অধিকতর তদন্ত করা হয়।বিএসইসির কমিশনার হেলাল উদ্দিন নিজামী ও আমজাদ হোসেনের সমন্বয়ে গঠিত কমিটি অধিকতর তদন্ত পরিচালনা করে। কমিটি ২০১২ সালের ২২ ফেব্রুয়ারি কমিশনের চেয়ারম্যান এম খায়রুল হোসেনের হাতে ২১৮ পৃষ্ঠার বিশদ এক তদন্ত প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনে আনোয়ারুল কবির ভূঁইয়াকে কমিশনের চাকরি থেকে অপসারণের সুপারিশ করা হয়। এই সুপারিশের পরিপ্রেক্ষিতে গত বছরের মার্চে কমিশন তাঁকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করে। বিএসইসির অধিকতর তদন্তে বলা হয়, নিয়ন্ত্রক সংস্থার গুরুত্বপূর্ণ পদে থেকে চাকরিবিধি লঙ্ঘন ও প্রভাব বিস্তার করে স্ত্রীর নামে তিনি শেয়ার ব্যবসায় যুক্ত ছিলেন। যা অভিযোগ: বিএসইসির অধিকতর তদন্তে আনোয়ারুল কবির ভূঁইয়ার বিরুদ্ধে চাকরিবিধি লঙ্ঘন, কর্মক্ষেত্রে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদান এবং ক্ষমতার অপব্যবহারের সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর স্ত্রী রোকসানা আক্তারের শেয়ার ব্যবসা সম্পর্কে তিনি সম্যক অবহিত ছিলেন। তাঁরই সহযোগিতা ও প্রভাবে শেয়ারের বিপরীতে নির্ধারিত ঋণসীমার বেশি ঋণ নিয়ে রোকসানা আক্তার শেয়ার ব্যবসায় মনোযোগী হন।রোকসানা আক্তারের নামে পরিচালিত চারটি বিও (বেনিফিশারি ওনার্স) হিসাবে মোট ২২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার বা সিকিউরিটিজ কেনা হয়। তার বিপরীতে বিক্রি করা হয় ২৩ কোটি ২৩ লাখ টাকার শেয়ার বা সিকিউরিটিজ। এই কেনা-বেচার মাধ্যমে রোকসানা আক্তার ৮০ লাখ ৭২ হাজার টাকা প্রকৃত মুনাফা বা নিট লাভ করেছেন। এর ফলে আনোয়ারুল কবির বিএসইসির কর্মচারী চাকরি প্রবিধানমালা-সংক্রান্ত নির্দেশনার পরিপূর্ণ লঙ্ঘন করেছেন।তদন্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রোকসানা আক্তারের নামে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, বিএলআই সিকিউরিটিজ, লঙ্কাবাংলা সিকিউরিটিজ ও এনবিএল সিকিউরিটিজে চারটি বিও হিসাব রয়েছে। আবার এনবিএল সিকিউরিটিজ রোকসানা আক্তারের বিও হিসাবে মাত্র তিন লাখ টাকার বিপরীতে তিন কোটি ২০ লাখ টাকার ঋণসুবিধা দিয়েছে। সেই হিসাবে রোকসানা আক্তার এক টাকার বিপরীতে প্রায় ১০৭ টাকা (১: ১০৭) হারে ঋণসুবিধা পেয়েছেন। অথচ শেয়ারবাজারে কখনোই এত অধিক হারে ঋণ দেওয়ার কোনো বিধান ছিল না। তাই রোকসানা আক্তারের ওই হিসাবে ঋণসুবিধা দেওয়ার ক্ষেত্রে এনবিএল সিকিউরিটিজও এসইসির মার্জিন ঋণ-সংক্রান্ত নির্দেশনা মানেনি। প্রতিবেদন থেকে আরও জানা যায়, চাকরির ক্ষেত্রে জমা দেওয়া জীবনবৃত্তান্তে আনোয়ারুল কবির ভূঁইয়া শিক্ষাগত যোগ্যতায় এলএলবি পাসের কথা উল্লেখ করলেও এলএলবি পাসের কোনো সনদ কমিশনে দাখিল করেননি। ২০০১ সালে কমিশন তাঁর কাছ থেকে এলএলবি পাসের সনদপত্র তলব করে। তার পরও তিনি এলএলবির সনদ জমা দেননি। চাকরিবিধি অনুযায়ী এটিকে শাস্তিযোগ্য অপরাধ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ ছাড়া আনোয়ারুল কবির ভূঁইয়া ও তাঁর স্ত্রী রোকসানা আক্তারের বিরুদ্ধে অবৈধ সম্পত্তি অর্জন ও দখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। এতে এই দুজনের বিরুদ্ধে আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ অর্থ বা সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগের সত্যতা পাওয়া যায়।