আলমগীর ভূঁইয়া নরসিংদী জেলার প্রত্যন্ত চরাঞ্চল নজরপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে নির্বাচন করতে চান। এখন এলাকার হাটঘাট, আড্ডা-আলাপ-আলোচনায় নিজের প্রার্থিতা ঘোষণা করে আসছেন। এভাবেই চলছে তাঁর নির্বাচনের মাঠ গরম রাখার কৌশল।
কিন্তু তাঁর এই তোড়জোড় বিফলে যেতে পারে। কেননা, আলমগীর ভূঁইয়ার কোনো কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নেই। এমনকি তাঁর বার্ষিক আয় করযোগ্য আয়ের ন্যূনতম সীমার ধারে-কাছেও নেই। আর টিআইএন না থাকায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না তিনি। প্রার্থী হতে হলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছ থেকে তাঁকে টিআইএন নিতে হবে এবং আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিতে হবে।
আগামী ২০১৪-১৫ অর্থবছরের বাজেট ঘোষণায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আর প্রতিবছর বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়া যেহেতু বাধ্যতামূলক করা হয়েছে, সেহেতু ওই প্রার্থীর অবশ্যই টিআইএন থাকতে হবে। এই নিয়ম চালু করার ফলে স্থানীয় সরকার পর্যায়ের সর্বনিম্ন স্তরের এই নির্বাচন প্রার্থীদের জন্য একটু কঠিনই হয়ে গেল।
তাই আলমগীর ভূঁইয়াদের মতো প্রার্থী হতে ইচ্ছুক ব্যক্তিদের এখন নতুন করে টিআইএন খুলতে হবে। আবার সেই টিআইএন নিয়ে প্রতিবছর আয়কর বিবরণীও জমা দিতে হবে। এমনকি পর পর তিন বছর আয়করযোগ্য আয় না থাকলেও বার্ষিক বিবরণী জমা দিতে হবে।
এ ক্ষেত্রে সবচেয়ে বিপাকে পড়তে যাচ্ছেন সংরক্ষিত কোটার নারী প্রার্থীরা। অতীতের পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, গ্রামের বেশির ভাগ নারী প্রার্থীর করযোগ্য আয় নেই। গৃহস্থালির কাজই বেশি করেন তাঁরা। উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতি ওয়ার্ডে একজন করে সংরক্ষিত কোটায় মোট তিন নারী সদস্য নির্বাচিত হন। সে পদে শুধু নারীরাই প্রতিদ্বন্দ্বিতা করেন।
বাংলাদেশে নির্বাচনে যাঁরা প্রার্থী হন, তাঁরা সামাজিক ও রাজনৈতিকভাবে বেশ প্রভাবশালী। তাঁরা বিপুল বিত্তবৈভবের মালিক। কিন্তু কর ফাইলে তা দেখান না। স্থানীয় সরকার পর্যায়ের সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদের নির্বাচনেও রাজনৈতিকভাবে প্রভাবশালী ও সম্পদশালীরাই প্রার্থীর সংখ্যায় বেশি থাকে। তবে সম্পদ কম কিংবা দরিদ্র প্রার্থীও রয়েছেন। করযোগ্য আয় না থাকলেও এখন এসব প্রার্থীকে টিআইএন নিতে হবে, বার্ষিক কর বিবরণীও জমা দিতে হবে।
কর বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘করের ভিত্তি বাড়ানোর জন্যই তাঁদের করজালে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এত দিন আয়কর বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক না থাকায় বেশির ভাগ প্রার্থীর টিআইএন ছিল না। তাই তাঁরা আয়কর বিবরণীও জমা দিতেন না।’ তিনি আরও বলেন, ‘এখন বার্ষিক আয়কর বিবরণী জমা বাধ্যতামূলক করায় প্রার্থীরা সম্পদ গোপন করলে তা এনবিআরের নিরীক্ষায় ধরা পড়বে।’
তবে এনবিআরের এই উদ্যোগ কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কেননা, সাড়ে চার শ উপজেলার মধ্যে বাংলাদেশে মাত্র এক শর মতো উপজেলায় কর অফিস রয়েছে। পর্যাপ্ত জনবলের অভাবে অন্য উপজেলায় কর অফিস স্থাপন করা যাচ্ছে না। এমন অবস্থায় ইউনিয়ন পরিষদ পর্যায়ে কর ফাঁকি রোধ করা কতটা সম্ভব হবে সেই প্রশ্ন রয়েছে।
এ প্রসঙ্গে এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, সব উপজেলায় কর অফিস থাকার প্রয়োজন নেই৷ তবে কিছু উপজেলা আছে, যেগুলোর অনেক জেলার সমান, সেসব বড় উপজেলায় কর অফিস করা যেতে পারে৷
সারা দেশে পাঁচ হাজারের মতো ইউনিয়ন পরিষদ রয়েছে। প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান, তিনজন সদস্য ও তিনজন সংরক্ষিত নারী কোটায় সদস্য পদে নির্বাচন হয়। এসব পদে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় এক লাখ প্রার্থী ছিলেন। আগামী নির্বাচনের এমন প্রায় এক লাখ ব্যক্তিকে বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়ে প্রার্থী হতে হবে। তাঁরা করজালে আসবেন।
তবে আয়কর অধ্যাদেশের ৭৫(১) ধারা অনুযায়ী, কোনো করদাতার যদি পর পর তিন বছর করযোগ্য আয় না থাকে, তবে তিনি তাঁর টিআইএন স্থগিত করতে পারেন। সে ক্ষেত্রে ওই করদাতাকে পরের বছর থেকে আয়কর বিবরণী জমা দিতে হবে না।
আগামী করবর্ষ থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। এত দিন শুধু ল্যান্ডফোনের মালিক ও এক হাজার ৬০০ বর্গফুটের একাধিক তলার বাড়ির মালিকের ক্ষেত্রে করযোগ্য আয় না থাকলেও আয়কর বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক ছিল।
আগামী অর্থবছরে ৫৬ হাজার ৮৬ কোটি টাকার আয়কর আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা চলতি অর্থবছরের থেকে ১১ হাজার ৭১৬ কোটি টাকা বেশি। চলতি অর্থবছরে ৪৪ হাজার ৩৭০ কোটি টাকা আয়কর আদায়ের লক্ষ্য রয়েছে। তবে প্রথম ১০ মাসে (জুলাই থেকে এপ্রিল) ২৯ হাজার ৬৭৫ কোটি টাকা আদায় হয়েছে।
আগামী অর্থবছরে ব্যক্তিশ্রেণির করদাতাদের কাছ থেকে মাত্র দুই হাজার কোটি টাকার কর আদায়ের পরিকল্পনা রয়েছে, যা আয়করের লক্ষ্যের মাত্র সাড়ে তিন শতাংশ। এনবিআরের পরিকল্পনা অনুযায়ী, বাকি ৩৬ হাজার কোটি টাকা আসবে বিভিন্ন পর্যায়ে বসানো উৎসে কর থেকে। আর করপোরেট কর থেকে আসবে ১৮ হাজার কোটি টাকা। মূলত কোম্পানি বা বড় প্রতিষ্ঠানের কাছ থেকে এই কর আদায় করা হবে।
কর বিভাগের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে জানান, আয়করের লক্ষ্যের মাত্র সাড়ে তিন শতাংশ আদায়ে (ব্যক্তিশ্রেণির করদাতাদের কাছ থেকে) বিপুলসংখ্যক লোকবল মাঠপর্যায়ে নিয়োজিত করা অর্থহীন। এত লোকবল নিয়োগ করে বড়জোর ১০০ কোটি টাকা বাড়তি কর আদায় করা সম্ভব হবে। এর চেয়ে বড় প্রতিষ্ঠানগুলোর কর ফাঁকি ধরতে পারলেই কয়েক হাজার কোটি টাকা বাড়তি কর আদায় করা সম্ভব।
সারা দেশে বর্তমানে সাড়ে ১৭ লাখ টিআইএনধারী রয়েছেন। এর মধ্যে গড়ে ১২ লাখ টিআইএনধারী বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়ে থাকেন। এসব করদাতার কাছ থেকে ২০১৩-১৪ করবর্ষে দেড় হাজার কোটি টাকা পাওয়া গেছে।
তবে বিগত কয়েক দশকে প্রায় ৩৫ লাখ টিআইএন ইস্যু করেছে এনবিআর। কিন্তু বছর দুয়েক আগে সক্রিয় নয় এমন টিআইএন স্থগিত করার উদ্যোগ নেয় এনবিআর। সেই প্রক্রিয়ায় প্রায় সাড়ে ১৭ লাখ টিআইএন স্থগিত বা বাতিল করা হয়। সেই হিসাবে বলা যায়, দেশের মাত্র সাড়ে ১৭ লাখ টিআইএনধারী রয়েছেন। আর বিবরণী জমা দেন মাত্র ১২ লাখ।