বাধ্যতামূলক ২ শতাংশ শেয়ার ধারণের প্রজ্ঞাপনে উচ্চ আদালতের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের ন্যূনতম ২ শতাংশ শেয়ার থাকার বাধ্যবাধকতা আরোপ করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) জারি করা প্রজ্ঞাপনের অংশবিশেষ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।গতকাল রোববার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। অর্থ ও বাণিজ্যসচিব, এসইসির চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনসিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালকসহ আট বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।জানা যায়, গত ২২ নভেম্বর এসইসি তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের ওই কোম্পানিতে অন্তত ২ শতাংশ শেয়ার থাকার বাধ্যবাধকতা আরোপ করে প্রজ্ঞাপন জারি করে। এই অংশের বৈধতা চ্যালেঞ্জ করে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের (এনসিসিবিএল) প্রয়াত পরিচালক মাসুদা বেগমের স্বামী শেখ আবদুল মোমিন গতকাল রিট আবেদনটি করেন। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন।আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল। সঙ্গে ছিলেন আইনজীবী মো. রিয়াজ উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ। পরে মো. রিয়াজ উদ্দিন প্রথম আলোকে বলেন, এসইসির জারি করা প্রজ্ঞাপনে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের ওই কোম্পানিতে শতকরা অন্তত ২ ভাগ শেয়ার থাকার বাধ্যবাধকতা আরোপ করা হয়। অন্যথায় ছয় মাসের মধ্যে তাঁদের পরিচালক পদ শূন্য হয়ে যাবে বলা হয়। প্রজ্ঞাপনের এই অংশ চ্যালেঞ্জ করে রিটটি করা হয়। তিনি আরও বলেন, রিটকারীর স্ত্রী মাসুদা বেগম এনসিসিবিএলের পরিচালক ছিলেন। গত ২ নভেম্বর তাঁর মৃত্যুর পর আবদুল মোমিন পরিচালক হতে এনসিসিবিএলে আবেদন করেন। তখন বলা হয়, এসইসি পরিচালকদের ২ শতাংশ শেয়ার থাকার বিষয়ে বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। তাই এসইসি থেকে অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে আসতে বলা হয়। প্রজ্ঞাপনের অংশবিশেষ চ্যালেঞ্জ করে রিটটি করা হলে আদালত রুল জারি করেছেন।