সরকারের ঋণচাহিদার ৪০ শতাংশ নন-পিডি বাণিজ্যিক ব্যাংকগুলোকে সরবরাহ করার বাধ্যতাবাধকতা আরোপ করে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক যে সার্কুলার জারি করেছে, তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের কাছে এ বিষয়ে গতকাল সোমবার একটি চিঠি দিয়েছে এফবিসিসিআই।দেশের ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন বলেছে, সরকারের ঋণচাহিদার ৪০ শতাংশ যদি নন-পিডি বাণিজ্যিক ব্যাংকগুলোকে বাধ্যতামূলকভাবে সরবরাহ করতে হয় তাহলে এসব ব্যাংকের ঋণ দেওয়ার সামর্থ্য কমে যাবে। ফলে ব্যাংকগুলো চাহিদা অনুযায়ী উৎপাদনশীল খাতে বিনিয়োগ করতে পারবে না।বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং নীতি ও প্রবিধি বিভাগ (বিআরপিডি) গত ২৪ জুলাই এক সার্কুলার ইস্যু করে বলেছে, সব বাণিজ্যিক ব্যাংককেই এখন থেকে বাধ্যতামূলকভাবে ট্রেজারি বিল বা বন্ডের বিপরীতে সরকারকে ঋণ দিতে হবে। সরকারের চাহিদার বিপরীতে ৬০ শতাংশ সরবরাহ করবে প্রাইমারি ডিলার (পিডি) ব্যাংকগুলো। বাকি ৪০ শতাংশ দেবে ২৫টি নন-পিডি ব্যাংক।সরকারি খাতে ঋণপ্রবাহের হার কমিয়ে এনে বেসরকারি খাতে ঋণপ্রবাহ বৃদ্ধির হার ১৮ দশমিক ৩ শতাংশ লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জুলাই-ডিসেম্বর সময়ের জন্য মুদ্রানীতি ঘোষণা করাকে স্বাগত জানায় এফবিসিসিআই। সংগঠনটি চিঠিতে বলেছে, বেসরকারি খাতে প্রয়োজনীয় ঋণ জোগানে অনুৎপাদনশীল ক্ষেত্রে বিনিয়োগ নিরুৎসাহী করার ধারা অব্যাহত রাখা এবং সরকারি ঋণ গ্রহণ যেন কোনোভাবেই বেসরকারি খাতের ঋণপ্রাপ্তিকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক বিশেষ নজর দেবে বলে মুদ্রানীতিতে উল্লেখ করা হয়েছে।নতুন সার্কুলারটিকে সদ্য ঘোষিত মুদ্রানীতির সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে এফবিসিসিআই বলেছে, এর ফলে মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণপ্রবাহে যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা বাধাগ্রস্ত হবে। কেননা সরকারের ঋণচাহিদা পূরণ করতে গিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলো তারল্যসংকটে পড়বে। ফলে বেসরকারি খাতে চাহিদা অনুযায়ী ঋণ দিতে পারবে না।আবার সরকারের ব্যাংকঋণের ৭০ থেকে ৭৫ শতাংশই ৫, ১০ ও ২০ বছরের জন্য দীর্ঘ মেয়াদের বন্ডে নেওয়া হচ্ছে। অথচ বাণিজ্যিক ব্যাংকগুলোকে গ্রাহকের কাছ থেকে স্বল্প সময়ের জন্য আমানত সংগ্রহ করে তা সরকারকে দীর্ঘ মেয়াদে ঋণ দিতে হবে। এতে বাণিজ্যিক ব্যাংকগুলোর তারল্যসংকট প্রকট হবে। তা ছাড়া ট্রেজারি বিল বা বন্ডের সুদ হারের কারণে বাণিজ্যিক ব্যাংকগুলো আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হবে।