বান্ডিল করতে টাকা ফুটো করা যাবে না
কাগজি মুদ্রা টাকা ফুটো্রকরে আর বান্ডিল করা হবে না। এ ক্ষেত্রে থাকবে না সুতার ব্যবহারও। গত সোমবার সাংসদ আসমা জেরীনের এ-সংক্রান্ত জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে এ কথা জানান।নোটিশে আসমা জেরীন উল্লেখ করেন, রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকগুলো গোনার সুবিধার্থে গজালের সাহায্যে টাকা ফুটো করে তিন দিক থেকে সুতা দিয়ে বেঁধে গাম লাগিয়ে দেয়। একবার টাকার বান্ডিল খোলার পর তা দফায় দফায় ফুটো ও বাঁধাই করা হয়। এতে অল্প সময়ে নোটগুলোর আয়ু কমে যায়। এ কারণে কেন্দ্রীয় ব্যাংককে ঘন ঘন নতুন নোট ছাপাতে হয়। তিনি বলেন, প্রতিবেশী দেশ ভারত, নেপাল ও ভুটানে এভাবে কাগজের নোট ফুটো ও বাঁধাই করা হয় না।নোটিশের জবাবে অর্থমন্ত্রী জানান, ১৯৮৯, ২০০৬ ও ২০০৭ সালে বাংলাদেশ ব্যাংক আলাদা পরিপত্রের মাধ্যমে কাগজের টাকার নোট বাঁধার ক্ষেত্রে রাবার ব্যান্ড ব্যবহার করতে বলেছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য বাণিজ্যিক ব্যাংক নিরাপত্তার কারণে ছিদ্র করে সুতার সাহায্যে টাকা বান্ডিল করা অব্যাহত রেখেছে। তবে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক টাকা গোনার জন্য ‘কাউন্টিং মেশিন’ এবং বাঁধাইয়ের জন্য ‘ব্যান্ডিং পদ্ধতি’ চালু করেছে। বাংলাদেশ ব্যাংক এসব মেশিন বাণিজ্যিক ব্যাংকগুলোতেও সরবরাহ করবে। আশা করা যায়, বছর খানেক পরে ছিদ্র করে সুতার সাহায্যে টাকা বাঁধাইয়ের প্রচলন থাকবে না।