বান্দরবানে আগর চাষ শুরু
দেশের পার্বত্য জেলা বান্দরবানের পাহাড়িরা এখন আগর চাষের দিকে ঝুঁকছে। ইতিমধ্যে তারা বন বিভাগের উদ্যোগে ১৮৭ হেক্টর বনভূমিতে আগর চাষ শুরু করেছে। খবর বাসসের।বর্তমান বাজারদরে এক কেজি আগর তেলের দাম বিদেশে প্রায় পাঁচ লাখ টাকা। আগর গাছের টুকরো সুগন্ধি জ্বালানি হিসেবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অধিক পরিমাণে ব্যবহূত হচ্ছে।জানা গেছে, ওই সব দেশে প্রতি কেজি আগরগাছের টুকরোর মূল্য ১০ হাজার টাকা। এ ছাড়া আগরগাছের তেল দিয়ে আতর, সুগন্ধি তেল, পারফিউম, আগরবাতি তৈরি হয়।বৃক্ষ বিশেষজ্ঞরা বলেছেন, সুস্থ পরিচর্যার পর ১৩ বছর বয়সী একটি আগরগাছ থেকে ২৫ গ্রাম আগর তেল পাওয়া যায়, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা। এক হাজার আগরগাছ রোপণ করা হলে ১৩ বছর পর দেড় কোটি টাকা উপার্জন করা সম্ভব। এ পরিমাণ গাছের নার্সারির চারা উত্তোলন ও বনায়নকাজ সম্পন্ন করতে খরচ হয় মাত্র ২৫ হাজার টাকা।লামা বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. হারুন অর রশিদ খান জানিয়েছেন, ইতিমধ্যে ‘আগরগাছ লাগান, স্বাবলম্বী হোন’ স্লোগান নিয়ে লামা বন বিভাগের নানা স্থানে পরীক্ষামূলকভাবে ১৮৭ হেক্টর বনভূমিতে আগর চাষ শুরু করা হয়েছে। রোপণের ১৩ বছর পর এ আগর বাগান থেকে উৎপাদিত হবে প্রায় ৫০০ কোটি টাকার আগর।ওই বন বিভাগের তৈন, লামা সদর ও ডলুছড়ি রেঞ্জে গত অর্থবছর থেকে এ পর্যন্ত পর্যায়ক্রমে ১৮৭ হেক্টর বনভূমিতে আগর বাগান প্রকল্পের আওতায় প্রতিজনকে এক একর করে বাগানের মালিকানার অংশীদারি দেওয়া হচ্ছে। এভাবে ৪৬৭ জন ভূমিহীন পরিবারকে পুনর্বাসিত করার কার্যক্রম শুরু হয়েছে।