বান্দরবানে খেলাপি কৃষিঋণ নিয়ে সংকটে অগ্রণী ব্যাংক
অগ্রণী ব্যাংকের বান্দরবান শাখা ১৭ কোটি টাকার খেলাপি কৃষিঋণ নিয়ে সংকটে পড়েছে।
এ ঋণ আদায়ের জন্য দায়ের করা সাত শতাধিক মামলা পরিচালনায় এখন প্রচুর অর্থ ব্যয় করতে হচ্ছে শাখাটিকে।
অন্যদিকে ঋণ পরিশোধে ব্যর্থ প্রায় দুই হাজার ২০০ কৃষক আতঙ্কে আছেন। ফসলের ফলনে বিপর্যয় ও দাম কমার কারণে তাঁরা ঋণ পরিশোধ করতে পারেননি বলে দাবি করেন। ব্যাংক সূত্রে জানা গেছে, আদা ও হলুদসহ কৃষিপণ্য উৎপাদন খাতে ২০১০-১১ ও ২০১১-১২ অর্থবছরে অগ্রণী ব্যাংক বান্দরবান সদর উপজেলায় প্রায় দুই হাজার ৫০০ কৃষককে ১৭ কোটি টাকার ঋণ দেয়। এর মধ্যে প্রায় ৩০০ কৃষক ঋণ সম্পূর্ণ পরিশোধ কিংবা তা পুনঃ তফসিলীকরণ করেছেন। বাকিরা ব্যর্থ হয়েছেন।
এদিকে অনেক দরিদ্র ও আদিবাসী কৃষকের অভিযোগ হলো, একটি মধ্যস্বত্বভোগী ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে তাঁদের নামে ঋণ নিয়ে আত্মসাৎ করেছে। তাঁরা ঋণের ব্যাপারে কিছুই জানতেন না। এ অভিযোগ অস্বীকার করে অগ্রণী ব্যাংকের বান্দরবান শাখার তৎকালীন ব্যবস্থাপক নিবারণ তঞ্চঙ্গ্যা বলেন, ‘সচ্ছল ও অসচ্ছল সব কৃষককেই ঋণ দেওয়া হয়েছে। পরিশোধের সময় এখন তা অস্বীকার করলে করার কিছু নেই।’
কুহালং ইউপির চেয়ারম্যান সানুপ্রু মারমা প্রথম আলোকে জানান, ফলন ও দাম কম হওয়ায় কৃষকেরা গভীর সংকটে পড়েছেন। বিষয়টি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জানাতে তিনি কয়েক দিনের মধ্যে ঢাকায় যাবেন।শাখাটির বর্তমান ব্যবস্থাপক স্বপন ধর বিষয়টিকে ব্যাংক ও কৃষক উভয়ের জন্য সংকট হিসেবে উল্লেখ করে জানান, ব্যাংকের টাকা যেমন গচ্চা দেওয়া যাবে না, তেমনি কৃষককেও বাঁচাতে হবে। সেভাবেই তাঁরা সংকট কাটানোর চেষ্টা করছেন।