বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) ও এক্সট্রিম এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সলিউশনের উদ্যোগে কাল বৃহস্পতিবার শুরু হচ্ছে চতুর্থ বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৬। এটি চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, বসুন্ধরায় হবে এ প্রদর্শনী। ঢাকায় বাপার নিজস্ব কার্যালয়ে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে মেলার নানা দিক তুলে ধরেন বাপার সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী। উপস্থিত ছিলেন বাপার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, মেলা কমিটির চেয়ারম্যান নাজমুল হক প্রমুখ। সংবাদ সম্মেলনে বলা হয়, এই মেলার সঙ্গে চলবে ষষ্ঠ অ্যাগ্রো বাংলাদেশ এক্সপো ও রাইস অ্যান্ড গ্রেইনটেক এক্সপো। মেলায় বাংলাদেশ ছাড়াও ১৩টি দেশের শতাধিক প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। মেলা সবার জন্য উন্মুক্ত। এটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।