অর্ধেক ভোটারকে বাদ দিয়ে আমদানি ও রপ্তানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ সংগঠন বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডস অ্যাসোসিয়েশনের (বাফা) নির্বাচনী প্রক্রিয়ার বিষয়টি তদন্ত করবে বাণিজ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি। বাফার একাধিক ভোটারের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিটি বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে নির্বাচন সম্পন্ন হওয়া পর্যন্ত সংগঠনে একজন প্রশাসক নিয়োগ দেওয়া যায় কি না, তাও মন্ত্রণালয়কে খতিয়ে দেখতে বলা হবে।সংসদীয় কমিটিতে দেওয়া বাফার সদস্য এ কে এম আমিনুল হকের চিঠিতে বলা হয়েছে, আমদানি ও রপ্তানি বাণিজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোর স্বার্থরক্ষা এবং জাতীয় অর্থনীতিতে অধিকতর অবদান রাখার উদ্দেশ্যে গত ২২ এপ্রিল বাফা গঠন করা হয়। একই সঙ্গে অ্যাসোসিয়েশনের প্রথম পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজনের লক্ষ্যে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করে ৮ আগস্ট নির্বাচনের দিন ঠিক করা হয়।নির্বাচনী তফসিল ঘোষণার আগ পর্যন্ত বাফার সদস্যসংখ্যা এক হাজার ২৩ জন হলেও ভোটার করা হয় মাত্র ৫২৮ জনকে। অ্যাডহক কমিটি অবৈধভাবে ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে তাদের পছন্দ অনুযায়ী সদস্যদের নিয়ে নির্বাচনের কাজ শুরু করে বলে জানা গেছে।অভিযোগ রয়েছে, যেসব কোম্পানি বা প্রতিষ্ঠান ফ্রেইট ফরোয়ার্ডিং এবং সংশ্লিষ্ট ব্যবসা পরিচালনা করে এমন অনেক বড় প্রতিষ্ঠানকেও ভোটার করা হয়নি।এর বিরুদ্ধে বাফার একজন সদস্য ২ আগস্ট উচ্চ আদালতের এক আদেশে ৮ আগস্টের নির্বাচন স্থগিত এবং দুটি রিট পিটিশন দায়ের করেন। সর্বশেষ ২ আগস্ট আদালত এ নির্বাচন স্থগিত করে সংগঠনটিতে প্রশাসক নিয়োগের ব্যাপারে মন্ত্রণালয়কে নির্দেশনা দেন। কিন্তু আদালতের ওই স্থগিতাদেশ অমান্য করে বাফার নির্বাচন কমিশন ও নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ১০ আগস্ট এর নির্বাচন অনুষ্ঠান করেন বলে অভিযোগ রয়েছে। তবে আদালত অবমাননার ভয়ে তাঁরা এখন তা স্বীকার করছেন না।এ ব্যাপারে বর্তমানে বিদেশে অবস্থানরত বাণিজ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি লুৎফুল হাই প্রথম আলোকে বলেন, কমিটি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে।