বাফেট পুত্রকে প্রধান নির্বাহী করতে অনীহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ারেন বাফেট
ওয়ারেন বাফেট

বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট তাঁর প্রতিষ্ঠিত বার্কশায়ার হ্যাথওয়ের নতুন নির্বাহীর বার্ষিক বেতন এক লাখ ডলার নির্ধারণের কথা পুনর্ব্যক্ত করেছেন। এই বেতন বাংলাদেশের ৮০ লাখ টাকার সমান।
কোম্পানির ব্যবস্থাপকদের উদ্দেশে লেখা বার্ষিক চিঠিতে বাফেট তাঁর এ অবস্থান তুলে ধরেছেন। গত ২৮ ফেব্রুয়ারি লেখা ওই চিঠিতে বার্কশায়ারের ভবিষ্যৎ প্রধান নির্বাহীর বেতন কত হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন। ৮৪ বছর বয়স্ক বাফেট ৫০ বছর ধরে বার্কশায়ার হ্যাথওয়ের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।
বার্ষিক চিঠিতে ওয়ারেন বাফেট লিখেছেন, ‘আমার পরে যিনি প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করবেন, তাঁর বেতন হবে বছরে এক লাখ ডলার। প্রধান নির্বাহী হিসেবে এ অর্থ যথেষ্ট, তাই এটা নিয়ে অসন্তোষের কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না।’ তিনি নিজেও ২৫ বছর ধরে এক লাখ ডলার বার্ষিক বেতন পেয়ে আসছেন।
পরবর্তী নেতৃত্বের কাছে নিজের প্রত্যাশার কথাও ওয়ারেন বাফেট তুলে ধরেছেন চিঠিতে। এ ক্ষেত্রে তিনি প্রতিষ্ঠানের বিকেন্দ্রীকরণের ওপর জোর দেওয়ার কথা বলেছেন। কোম্পানির পরিচালকেরা শেয়ার কারসাজির মাধ্যমে যেন কোনো বাড়তি অর্থ না পান, তা নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।
নিজের পুত্র হাওয়ার্ড বাফেটের সামর্থ্যের ওপর খুব একটা আস্থাশীল নন ওয়ারেন বাফেট। হাওয়ার্ড বাফেট এখন বার্কশায়ার হ্যাথওয়ের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেছেন, ‘প্রধান নির্বাহী হিসেবে তাঁর কাজ প্রত্যাশিত মানের হবে, এটা আমার মনে হয় না।’
প্রতিষ্ঠানের সব কর্মীর ওপর প্রধান নির্বাহীর ভূমিকার বিষয়ে ওয়ারেন বাফেট চিঠিতে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, একজন প্রধান নির্বাহীর আচরণ কর্মীদের কাজে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। প্রধান নির্বাহী যদি তাঁর কাজকর্মে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেন, তাহলে এ মনোভাব সব কর্মীর মাঝে ছড়িয়ে পড়ে। তাঁর মোট সম্পদের পরিমাণ বর্তমানে ৭ হাজার ২৭০ কোটি ডলার। সূত্র: ফোর্বস