বাফেডার নতুন নির্বাহী পর্ষদের নির্বাচন
বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেডা) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জনতা ব্যাংক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এস এম আমিনুর রহমান। সংগঠনটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ নুরুল আমিন। কোষাধ্যক্ষ নির্বাচিত হন ইসলামী ব্যাংকের এমডি মোহাম্মদ আবদুল মান্নান। সম্প্রতি সর্বসম্মতিক্রমে ২০১৩-১৪ মেয়াদে তাঁদের নির্বাচিত করা হয়। সংগঠনের সম্মেলন কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বাফেডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার এ তথ্য জানানো হয়।বাফেডার নতুন নির্বাহী পর্ষদের সদস্যরা হলেন: সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও এমডি প্রদীপ কুমার দত্ত, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও ম্যাক ক্যাবি, রূপালী ব্যাংকের এমডি এম ফরিদ উদ্দিন, পূবালী ব্যাংকের এমডি ও সিইও হেলাল আহম্মেদ চৌধুরী, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) এমডি ও সিইও আলী রেজা ইফতেখার এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও আনিস এ খান।